২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিশরের পার্লামেন্ট নির্বাচন অক্টোবরে’

মিশরে চলতি বছরের অক্টোবরে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুরসির বরাত দিয়ে রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা মিনা বুধবার জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 08:22 AM

Updated : 25 Apr 2022, 06:32 PM

প্রেসিডেন্ট মুরসি চলতি বছরের এপ্রিলের শেষ ভাগ থেকে চার ধাপে দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করেছিলেন যা বাস্তবায়িত হলে জুলাইয়ের মধ্যেই মিশরে নতুন পার্লামেন্ট নির্বাচন সম্পন্ন হতো।

কিন্তু আদালত মুরসির এই পরিকল্পনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করায় তা আর বাস্তবায়িত হচ্ছে না।

মুরসি জানিয়েছেন, নতুন নির্বাচনী আইন অনুমোদিত হতে আড়াই মাসের মতো সময় লাগতে পারে। আর দুই মাস সময় নির্বাচনী প্রস্তুতির জন্য প্রয়োজন হবে।

‘অক্টোবরের দিকে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে’ বলেন মুরসি।

নির্বাচনের এই বিলম্ব দেশটির সরকারকে রাজনৈতিকভাবে স্থিতিশীলতা কাটিয়ে দেশটির গভীর অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠায় সহায়তা করতে পারে।

কেননা এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সঙ্গে ৪শ’ ৮০ কোটি মার্কিন ডলারের চুক্তি করার ক্ষেত্র তৈরি হতে পারে।

পাশাপাশি দেশটির ধর্মনিরপেক্ষ বিরোধীপক্ষকেও নির্বাচনে নিয়ে আসার জন্য আলোচনার সময় পাবেন মুরসি।
দেশটির ধর্মনিরপেক্ষ বিরোধীপক্ষ মুরসির নির্বাচনী আইনকে ইসলামপন্থিদের জন্য উপযুক্ত এবং তাদের বিজয়ী করতে ভূমিকা রাখবে অভিযোগে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছিল।

দোহায় মিশরীয় অধিবাসীদের উদ্দেশ্য করে দেয়া বক্তব্যে মুরসি বলেছেন, তিনি আশা করছেন, চলতি বছর শেষ হওয়ার আগেই পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন ডাকতে পারবেন তিনি।

চলতি মাসের শুরুর দিকে সরকারের এক মন্ত্রী বলেছিলেন, তিনি আশা করছেন জুন মাস শেষ হওয়ার আগেই মিশর আইএমএফের সঙ্গে ঋণচুক্তি করতে সক্ষম হবে।