ভারতের সঙ্গে নৌসেনা বিরোধ: ইতালির পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
ভারতীয় দুই জেলে হত্যা মামলায় অভিযুক্ত দুই ইতালীয় নৌসেনাকে বিচারের জন্য নয়াদিল্লিতে ফেরত পাঠানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী গুইলিও তেরজি।
মঙ্গলবার এক ঘোষণায় তিনি বলেন, গত সপ্তাহে দুই সৌসেনাকে বিচারের মুখোমুখি হতে ভারতে পাঠানোর সরকারি সিদ্ধান্তের সঙ্গে একমত হতে না পারার কারণে তিনি পদত্যাগ করছেন।
পার্লামেন্টের নিম্নকক্ষে এক বিবৃতিতে তেরজি বলেন, “নৌসেনাদেরকে ভারতে ফেরত পাঠানোর ব্যাপারে আমার আপত্তিকে আমলে নেয়া হয়নি। আর তাই আমি আর এ সরকারে থাকতে পারি না। আমি পদত্যাগ ঘোষণা করছি।”
তিনি আরো বলেন, “আমি পদত্যাগ করছি। কারণ, আমি ৪০ বছর ধরে এমনকি আজও একথাই বলে আসছি যে, দেশের সম্মান, দেশের সশস্ত্র বাহিনী এবং ইতালির কূটনীতিকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে।”
ইতালীয় দুই নৌ সেনা মাসিমিলিয়ানো লাতোরে এবং সালভাতোরে গিরোনে ২০১২ সালের ফেব্রুয়ারিতে ইতালীয় একটি তেলের ট্যাংকার পাহারা দেয়ার সময় দুই ভারতীয় জেলেকে জলদস্যু ভেবে গুলি করে হত্যা করে।
ওই হত্যা মামলায় ভারতে তাদের বিচার চলছিল। পরে ইতালিতে নির্বাচন শুরু হলে অভিযুক্ত ওই দুই সেনাকে বিচারের জন্য আবার ভারতে ফিরে আসার শর্তে ভোট দিতে দেশে যেতে দেয়া হয়।
কিন্তু পরে ইতালি সরকার দুই নৌ সেনাকে ভারতে ফেরত পাঠাতে অস্বীকৃতি জানালে বিষয়টি নিয়ে দিল্লির সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে রোম।
ভারতে নিযুক্ত ইতালীয় রাষ্ট্রদূতকে দেশ ত্যাগ না করার নির্দেশ দেয় আদালত। বিষয়টি নিয়ে জটিলতার মধ্যে ইতালি সরকার শেষ পর্যন্ত গত সপ্তাহে দুই সেনাকে ভারতে ফেরত পাঠায়।
