২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে সিরীয় বিদ্রোহীদের রক্ষার অনুরোধ

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিমান হামলা থেকে বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলোর সুরক্ষায় যুক্তরাষ্ট্রকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুরোধ জানিয়েছেন পদত্যাগের ঘোষণা দেয়া সিরিয়ার বিরোধী জোটের নেতা মোয়াজ আল খতিব।

রয়টার্স

.

রয়টার্স

Published : 26 Mar 2013, 01:00 PM

Updated : 25 Apr 2022, 06:31 PM

মঙ্গলবার কাতারে আরব লিগের দুইদিনের সম্মেলনের শুরুতে সিরিয়ার বিরোধী ন্যাশনাল কোয়ালিশন আনুষ্ঠানিকভাবে অংশ নেয়ার পর খতিব মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কাছে এ অনুরোধ জানান।

মার্কিন বাহিনী ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলকে সুরক্ষা দিক, এমনটিই কামনা করেন খতিব।

আসাদের সামরিক বাহিনীর হেলিকপ্টার গানশিপ এবং যুদ্ধবিমানের হামলা মোকাবেলায় বিদ্রোহীদের হাতে অস্ত্র আছে অতি সামান্যই।

আলখতিব বলেন, সিরিয়ায় দু’বছরের লড়াই-সংঘর্ষ অবসানে যুক্তরাষ্ট্রের আরো বড় ভূমিকা পালন করা উচিত। সঙ্কট সমাধানে অস্বীকৃতি জানানোর জন্য আসাদ সরকারকে দোষারোপও করেন তিনি।

তুরস্কের আকাশসীমার সুরক্ষায় গত বছর দেশটিতে নেটোর প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি পাঠানোর কথা উল্লেখ করে খতিব বলেন, “আমি সিরিয়ার উত্তরাঞ্চলকে রক্ষায় জন কেরিকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থা সম্প্রসারিত করার অনুরোধ জানিয়েছি এবং তিনি বিষয়টি বিচার-বিবেচনা করে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন।”

“আমরা এখনো নেটোর কাছ থেকে এ ব্যাপারে একটি সিদ্ধান্তের অপেক্ষায় আছি।এ ব্যবস্থা জনগণের জান-মালের সুরক্ষার জন্য, লড়াইয়ের জন্য নয় বরং জীবন বাঁচানোর জন্য,” বলেন তিনি।

রোববার কাতারের দোহায় আরব লিগের সম্মেলনে সিরিয়ার জন্য নির্ধারিত শূন্য আসনে বসেন আল খতিব।যদিও এর আগেই বিরোধী জোট ‘সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল’ এর নেতার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।

কাতারের আমীরের অনুরোধে আরব লিগের দেশগুলো সিরিয়ার বিরোধী জোটকে সম্মেলনে প্রতিনিধিত্ব করার আমন্ত্রণ জানানোয় খতিব এতে যোগ দেন।

এর আগে সিরিয়ায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার কারণে ২০১১ সালের নভেম্বরে আরব লিগ থেকে দেশটিকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু সিরিয়া সঙ্কট সমাধানের প্রয়োজনীয়তা বিবেচনা করে পরবর্তীতে ফের দেশটিকে আরব লিগে নেয়ার সুপারিশ করা হয়।