যুক্তরাষ্ট্রে হামলায় উত্তর কোরিয়ার যুদ্ধপ্রস্তুতি
গুয়াম, হাওয়াই এবং আমেরিকার মূল ভূখণ্ডের মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যস্থল করে মঙ্গলবার রকেট এবং দূর-পাল্লার গোলন্দাজ বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়ার আওতায় কোরিয়া উপদ্বীপে মার্কিন বোমারু বিমান উড্ডয়নের পর উত্তর কোরিয়া এ তোড়জোড় শুরু করল।
কোরীয় উপদ্বীপে মার্কিন বি-৫২ বোমারু বিমান উড়লে তা ওয়াশিংটনের যুদ্ধের পাঁয়তারা বলে গণ্য করা এবং এর জবাবে জাপানের ওকিনাওয়া এবং প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর হুমকি আগেই দিয়েছিল উত্তর কোরিয়া।
মঙ্গলবার উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর সুপ্রিম কমান্ড এক বিবৃতিতে গোলন্দাজ বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার ওই নির্দেশ দেয়।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় কেসিএনএ বার্তা সংস্থা এ বিবৃতি প্রকাশ করে জানায়,
কোরিয়ান পিপলস আর্মির সুপ্রিম কমান্ড তাদের ঘোষণায় জানিয়েছে যে, এ মুহূর্ত থেকে ‘কৌশলগত’ রকেট ও দীর্ঘ পাল্লার রকেট ইউনিটসহ সমস্ত গোলন্দাজ ইউনিটকে প্রথম শ্রেণীর যুদ্ধ প্রস্তুতি নিতে বলা হয়েছে। যাদের কাজ হবে আমেরিকার মূল ভূখন্ডসহ হাওয়াই এবং গুয়ামে যুক্তরাষ্ট্রের আগ্রাসী ঘাঁটিগুলোতে শত্রু অবস্থান চিহ্নিত করা।”
এর মধ্য দিয়ে দেশটি এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার শুরু থেকে দিয়ে আসা হুমকি-ধামকির পথেই ধাবিত হচ্ছে বলে মনে করা হচ্ছে।
তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, উত্তর কোরিয়া থেকে আসন্ন কোনো সামরিক ব্যবস্থার লক্ষণ দেখছে না তারা।
যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ায় বরাবরই হামলার হুমকি দিয়ে আসছে উত্তর কোরিয়া। যদিও যুক্তরাষ্ট্রে পরমাণবিক হামলা চালানোর সক্ষমতা উত্তর কোরিয়ার নেই বলেই মনে করা হয়। তবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো উত্তর কোরিয়ার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতায় মধ্যেই রয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, তারা উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর কোনো তৎপরতার লক্ষণ দেখেনি। তবে তারা পরিস্থিতির ওপর নজর রেখেছে।
যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া চলার মধ্যেই উত্তর কোরিয়ার সেনা কমান্ড যুদ্ধপ্রস্তুতির এ নির্দেশ দিল। যৌথ এ সামরিক মহড়া চলবে এপ্রিলের শেষ পর্যন্ত।
