বানগুইয়ে সংঘর্ষে দক্ষিণ আফ্রিকার ১৩ সেনা নিহত
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বানগুই এর সেলেকা বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে দক্ষিণ আফ্রিকার অন্তত ১৩ সেনা নিহত হয়েছে। সপ্তাহন্তে বিদ্রোহীরা প্রচণ্ড লড়াইয়ের মধ্য দিয়ে বানগুইয়ের দখল নিয়েছে।প্রেসিডেন্ট ফ্রান্সিস বোজিজে প্রাসাদ ছেড়ে পালিয়েছেন।
রোববার সম্মুখ যুদ্ধের সময় বিদ্রোহীদের প্রতিরোধ করতে গিয়ে দক্ষিণ আফ্রিকার সেনারা নিহত হয়। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সঙ্গে একটি চুক্তির আওতায় দক্ষিণ আফ্রিকার সনারা সেখানে ছিল।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা সোমবার জানান, বাঙগুইয়ে ‘ডাকাতদের’ বিরুদ্ধে ৯ ঘন্টার তুমুল লড়াইয়ে তাদের ১৩ জন সেনা নিহত হয়েছে।
সেলেকা যোদ্ধারা হামলা জোরদার করার পরিপ্রেক্ষিতে দেশটির সরকারের সমর্থনে প্রায় দু’শ’ সেনাকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সেনা মোতায়েন করে দক্ষিণ আফ্রিকা।
প্রচণ্ড লড়াইয়ের পর রোববার সেলেকা বিদ্রোহীরা রাজধানী বানগুইয়ের নিয়ন্ত্রণ নেয়। তাছাড়া, তারা রাজধানীতে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদও দখল করে এবং প্রেসিডেন্ট ফ্রান্সিস বোজিজ প্রতিবেশি ক্যামেরুনে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা।
সাবেক এই ফরাসি উপনিবেশ মধ্য আফ্রিকা প্রজতন্ত্রের সেলেকা বিদ্রোহীরা চলতি সপ্তাহে নতুন করে সরকারের বিরোধী লড়াই শুরু করে এবং প্রেসিডেন্ট বোজিজকে উৎখাতের অঙ্গীকার করে।
সরকার শান্তি চুক্তি অনুযায়ী বিদ্রোহীদের সেনাবাহিনীতে নেয়ার প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ সেলেকা বিদ্রোহীদের।
রোববার রাজধানী দখলের পর বিদ্রোহী নেতা মাইকেল জোতোদিয়া নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে ক্ষমতা ভাগাভাগির সরকার ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন।তার এক মুখপাত্র একথা জানান।
১৯৬০ সালে স্বাধীনতা অর্জন করে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র। দেশটিতে উত্তোলনের পথে থাকা স্বর্ণ, হীরা ও ইউরিনিয়ামের খনির জন্য এর বিশেষ গুরুত্ব রয়েছে।
সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বোজিজ ২০০৩ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন। ২০১১ সালে এক বিতর্কিত নির্বাচনে তিনি পুনরায় প্রেসিডেন্ট হওয়ার পর ক্ষমতার ভাগাভাগি নিয়ে বিদ্রোহীদের সঙ্গে তার বিরোধ চরমে পৌছে।সে সময় সেলেকা নামে পরিচিত ৫ টি বিদ্রোহী গোষ্ঠী আক্রমণাত্মক অবস্থান নেয়।
