মধ্য আফ্রিকায় বিদ্রোহীদের ক্ষমতা দখলের নিন্দায় মুন
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে “অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল” করার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। অবিলম্বে দেশটির সাংবিধানিক শাসন পুনর্বহাল করার দাবী জানিয়েছেন তিনি।
রোববার এক বিবৃতিতে জাতিসংঘের সংবাদ দপ্তর থেকে এসব কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “গুরুতর মানবাধিকার লঙ্ঘণের খবরে মহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আছেন। যারা মানবাধিকার লঙ্ঘণের এসব ঘটনার সঙ্গে জড়িত তাদের আটক করে জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জোরালোভাবে জানিয়েছেন তিনি ।”
“শান্ত থাকতে ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হতে মধ্য আফ্রিকার সব পক্ষের প্রতি আবেদন জানিয়েছেন তিনি। দেশটির ভয়াবহ মানবিক পরিস্থিতি ও রাজধানী বাঙ্গুইয়ে জাতিসংঘের সম্পদসহ অন্যান্য সম্পদ লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মহাসচিব।”
মধ্য আফ্রিকায় জাতিসংঘের কর্মীদের নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
রোববার এক রক্তক্ষয়ী যুদ্ধের পর মধ্য আফ্রিকার রাজধানী বাঙ্গুই দখল করে নেয় দেশটির বিদ্রোহীরা। বিদ্রোহীদের চাপের মুখে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজে দেশ ছেড়ে পালিয়ে যান।
এতে খনিজ সম্পদে সমৃদ্ধ, আফ্রিকা মহাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত, এই দেশটি কে শাসন করবেন তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
