সিরিয়ার সেনা অবস্থানে ইসরায়েলি হামলা
ইসরায়েলি বাহিনী রোববার গোলানে সিরিয়ার সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে সিরিয়ার সেনাবাহিনী গুলি ছোঁড়ার পর ইসরায়েল পাল্টা হামলা চালায় বলে দাবি করা হয়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র ওফির জান্দালমান বলেন, ইসরায়েলি বাহিনী পর পর দুইবার হামলার শিকার হওয়ার পর পাল্টা হামলা চালিয়ে সিরিয়ার একটি মেশিনগান মোতায়েন থাকা অবস্থান ধ্বংস করেছেন।
ওই অবস্থান থেকেই ইসরাইলি সেনাবাহিনীর ওপর গত ২৪ ঘণ্টায় দুইবার গুলি চলেছে বলে দাবি করেন তিনি।
জান্দালমান বলেন, অধিকৃত ওই অঞ্চলে ইসরায়েলি টহল সেনাদের ওপর ভুলবশত নয় বরং ইচ্ছাকৃতভাবেই হামলা করা হয়েছে। তবে এ হামলা সিরিয়ার সরকারি বাহিনী নাকি বিদ্রোহীরা চালিয়েছে তা স্পষ্ট করেনি ইসরায়েল।
এক টুইটার বার্তায় তিনি বলেন, “সীমান্তে নিরাপত্তার কাজে নিয়োজিত ইসরায়েলি বাহিনীর একটি ভ্রাম্যমান দলের ওপর গত ২৪ ঘণ্টায় দুইবার গুলিবর্ষণ হয়েছে সিরিয়ার মেশিনগান থেকে। পরে ইসরায়েলি বাহিনী গোলা ছুড়ে তা ধ্বংস করে দিয়েছে।
সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর বেশ কয়েকবার ইসরায়েল নিয়ন্ত্রণাধীন গোলান মালভূমিতে গোলা গিয়ে পড়েছে। এর জবাবে ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে।
এদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করছে, গত শনিবারও ইসরায়েল-সিরিয়া যুদ্ধবিরতি অঞ্চল থেকে গোলা এসে তাদের একটি সেনাযানে আঘাত করে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র পিটার লার্নার বলেন, আমাদের বক্তব্য হচ্ছে সিরিয়া থেকে ওই হামলা কোন ‘ভুল বশত: আক্রমণ’ ছিল না। তাছাড়া, গোলান মালভূমিতে ইসরায়েলের অংশে গুলি চললে তৎক্ষণাৎ তার জবাব দেয়ার হুঁশিয়ারিও দিয়েছিল ইসরায়েল।
১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েল সিরিয়ার কাছ থেকে গোলন মালভূমির দখল নিয়েছিল। ১৯৮১ সালে দখলকৃত ওই অঞ্চলকে ইসরাইল নিজেদের বলে দাবি করলেও বিশ্ব মহলে তা স্বীকৃতি পায়নি।
