পুতিন ভাল বন্ধু: চীনা প্রেসিডেন্ট জিনপিং
রাশিয়ায় প্রথম সফরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভাল বন্ধু বলে সম্বোধন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
প্রথম বিদেশ সফরের জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতিবেশী পরাশক্তি রাশিয়াকে বেছে নেয়া এবং পুতিনকে বন্ধু হিসাবে স্বাগত জানানো যুক্তরাষ্ট্রকে এ বার্তাই দিচ্ছে যে, বিশ্বের বড় দুটি দেশ চীন-রাশিয়া একাট্টা হয়ে ওয়াশিংটনের বিপরীতে অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক দিক থেকে একটি শক্তিতে পরিণত হওয়ার চেষ্টা নিচ্ছে।
পুতিন বরাবরই বিদেশে যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব করার চেষ্টা চালিয়ে এসেছে। অন্যদিকে, চীনও এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক প্রভাব প্রতিপত্তির সঙ্গে এঁটে ওঠার চেষ্টা নিয়েছে।
ক্রেমলিনে অভ্যাগত প্রথম এ অতিথিকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানিয়েছেন পুতিন। জিনপিংয়ের সঙ্গে হাসিমুখে করমর্দন করে তার সঙ্গে আলোচনার শুরুতে পুতিন বলেন, বিশ্ব রাজনীতিতে রাশিয়া-চীন সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ।
জিনপিংয়ের সফর এ সম্পর্ককে বেগবান করবে বলে পুতিন আশা প্রকাশ করেন।
ওদিকে, জিনপিং পুতিনের সঙ্গে তার বৈশ্যিষ্ট্যের নানা মিল আছে উল্লেখ করে বলেন, “আমরা একইভাবে কথা বলি, আমরা দুজনই ভাল বন্ধু।”
বৈঠকে জ্বালানি ও বিনিয়োগ নিয়ে আলোচনা করার কথা রয়েছে দুই প্রেসিডেন্টের।
এক রাষ্ট্রীয় সফরে শুক্রবার সস্ত্রীক মস্কোয় যান জিনপিং।
সফরপূর্ব এক সংবাদ সম্মেলনে জিনপিং বলেন, “চীন ও রাশিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র যারা অভিন্ন সুরে কথা বলে।”
এ সময় রাশিয়াকে তিনি “প্রতিবেশী বন্ধুরাষ্ট্র” বলে উল্লেখ করেন।
রাশিয়া সফর শেষে সেখান থেকে শি আফ্রিকার দেশ তাঞ্জানিয়া, দক্ষিণ আফ্রিকা ও কঙ্গো প্রজাতন্ত্র সফরে যাবেন। এসব সফর উপলক্ষ্যে ৩০ মার্চ পর্যন্ত তিনি আফ্রিকা মহাদেশে থাকবেন।
দক্ষিণ আফ্রিকা সফরকালে তিনি পঞ্চম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। আগামী ২৬-২৭ মার্চ ওই সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। বিশ্বের উঠতি পাঁচটি শীর্ষ অর্থনীতির দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত (ইন্ডিয়া), চীন ও দক্ষিণ (সাউথ) আফ্রিকা নিয়ে ব্রিকস গঠিত, দেশগুলোর নামের অদ্যাক্ষর নিয়ে ব্রিকস নামকরণ করা হয়েছে।
নতুন চীনা প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফরে রাশিয়াকে বেছে নেওয়াকে, এশিয়ায় চীনা প্রভাবে ভারসাম্য আনতে যুক্তরাষ্ট্রের নীতি মোকাবেলার পদক্ষেপ হিসেবে দেখছেন পশ্চিমা বিশ্লেষকরা।
রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় জ্বালানী উৎপাদক দেশ, আর চীন সবচেয়ে বড় জ্বালানী ভোক্তা দেশ। দেশ দুটির দ্বিপাক্ষিক বাণিজ্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে, গত বছর যা রেকর্ড ৮ হাজার ৮শ’ কোটি ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, ইরান থেকে শুরু করে সিরিয়া ও উত্তর কোরিয়ার মতো বেশ কয়েকটি স্পর্শকাতর কূটনৈতিক ইস্যুতে চীন-রাশিয়া প্রায় একই অবস্থান নিয়েছে। কিছু বিশ্লেষকের ধারণা, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র দুটির এই বন্ধন দিন দিন আরো শক্তিশালী হচ্ছে।
