দামেস্কে মসজিদে বিস্ফোরণ, শীর্ষ ইমামসহ নিহত ৪২
সিরিয়ার রাজধানী দামেস্কে উমাইয়া শাসনামলে নির্মিত প্রাচীন ইমাম মসজিদে এক বোমা হামলায় মসজিদের ইমামসহ অন্তত ৪২ জন নিহত হয়েছেন।
সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার হামলাটি চালানো হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশন ও সরকারবিরোধী আন্দোলনকারীদের পক্ষ থেকে হামলায় ১৫ জন নিহত হয়েছে বলে আগের খবরে জানানো হয়েছিল।
টেলিভিশনের পরবর্তী খবরে জানানো হয়েছে, “দামেস্কের কেন্দ্রস্থলের ইমাম মসজিদে এক সন্ত্রাসী আত্মঘাতী হামলা হয়েছে। হামলায় এই প্রাচীন উমাইয়া মসজিদের ইমাম মোহাম্মদ আল বুতিও নিহত হয়েছেন। এই হামলায় ৪২ জন শহীদ ও ৮৪ জন আহত হয়েছেন।”
সিরিয়ার বাশার আল আসাদ সরকারের শাসনের বিরুদ্ধে দুইবছর ধরে চলা গৃহযুদ্ধে রাজধানী দামেস্কে হামলা একটি সাধারণ ঘটনায় পরিণত হলেও, মসজিদে হামলা সরকার-বিদ্রোহী দুপক্ষের জন্যই দুঃখজনক।
৮৪ বছর বয়সী বুতি একজন সুন্নি মুসলিম এবং আসাদপক্ষের একজন কট্টর সমর্থক ছিলেন । তিনি বাশার আল আসাদের পিতা প্রয়াত প্রেসিডেন্ট হাফেজ আর আসাদের জানাজা পড়িয়েছিলেন।
শীর্ষ এই ইমামের সমালোচকেরা তাকে আসাদের ধর্মীয় মুখপাত্র হিসেবে বিবেচনা করতেন। ২০১১ সালের মার্চে আসাদবিরোধী আন্দোলন শুরু হওয়ার পরপরই তিনি চারদশক ধরে সিরিয়া শাসন করে আসা আসাদ পরিবারের প্রতি নিজের সমর্থন জানান।
আসাদবিরোধী আন্দোলনকারীরা বুতির ওপর অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন। কারণ তিনি জুমার নামাজের খুতবায় সরকারের পক্ষে কথা বলতেন যা রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হতো।
এরকম এক ভাষণে বিদ্রোহীদের তিনি ‘বিপথগামী’ বলে উল্লেখ করেছিলেন। বিদ্রোহীদের পরাজিত করার জন্য সিরিয়ার যুবকদের সেনাবাহিনীতে যোগ দেওয়ারও আহ্বান জানিয়েছিলেন তিনি।
সিরিয়ার আল আকবরিয়া চ্যানেলে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, মসজিদের কার্পেটের ওপর বহু ছ্ন্নিভিন্ন দেহ পড়ে আছে আর জরুরি বিভাগের কর্মীরা বেঁচে যাওয়াদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। ধ্বংসস্তুপের মধ্যে ছিন্নভিন্ন হাত-পা পড়ে আছে।
হামলায় ১৫ জন নিহত হয়েছে বলে আসাদ সরকারবিরোধী যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ প্রাথমিকভাবে জানিয়েছিল।
তবে হামলার কারণ হিসেবে গাড়িবোমা অথবা মর্টার শেল বিস্ফোরণের কথা বলেছিল সংগঠনটি।
সিরিয়ার ক্ষমতাসীন বার্থ পার্টির প্রধান দপ্তরের পাশেই ইমাম মসজিদের অবস্থান। এই একই প্রাঙ্গণে সরকারী আরো কয়েকটি দপ্তরের অফিসও আছে।
হামলার পরপর স্থানীয় অধিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে প্রচুর অ্যাম্বুলেন্স উপস্থিত হয়ে হতাহতদের আনানেওয়া করায় গাড়ি চলাচল প্রায় স্থবির হয়ে যায়। ঘটনাস্থলের আশপাশে গানপাউডারের গন্ধ ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিদ্রোহী ‘ফ্রি সিরিয়ান আর্মি’র কোনো দল এই হামলার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন বিদ্রোহীদের মুখপাত্র লোয়াই মেকদাদ।
