`ঈশ্বরের কাছে যুবরাজের ক্যান্সারের কারণ জানতে চাইতাম'
ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা নিয়ে ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের লেখা স্মৃতিচারণমূলক বই ‘দ্য টেস্ট অফ মাই লাইফ’র মোড়ক উন্মোচন করেছেন শচীন টেন্ডুলকার।
অনুষ্ঠানে যুবরাজের সেই কঠিন সময়ে তার সঙ্গে দেখা হওয়ার স্মৃতি তুলে ধরেন টেন্ডুলকার। তার কথা শুনে এ সময় উপস্থিত অনেকের চোখেই জল আসে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে চিকিৎসা হওয়ার পর লন্ডনে যুবরাজের সঙ্গে তার প্রথম দেখা হয়। তখন যুবরাজের সামনে ভেঙে পড়ার ভয়ে ছিলেন তিনি।
“যখন লন্ডনে আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তখন আমি আমার স্ত্রীকে (অঞ্জলি) বলেছিলাম যে, তাকে দেখে আমি ভেঙে পড়তে চাই না। দেখা হওয়ার পর আমি তাকে জড়িয়ে ধরেছিলাম। আমরা একসঙ্গে খেয়েছিলাম এবং তার খাওয়া দেখে আমি বুঝতে পেরেছিলাম যে, সে সুস্থ হয়ে উঠছে।”
টেন্ডুলকার বলেন, “আমি যখন দেখলাম আমার স্ত্রী চিকিৎসা নিয়ে যুবরাজের সঙ্গে কথা বলছে তখন আমি বুঝতে পেরেছিলাম, তার কিসের ভিতর দিয়ে যেতে হচ্ছে।
“সে আমার ছোট ভাইয়ের মতো এবং আমি ঈশ্বরের কাছে জানতে চাইব যুবরাজের কেন এ অসুখ হলো।”
টেন্ডুলকার ছাড়াও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দর শেওয়াগ ও বিরাট কোহলি আলোচনা করেন। একের পর মঞ্চে উঠে যুবরাজের সঙ্গে কাটানো বিভিন্ন সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন তারা।
ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা শেষে গত বছর অগাস্টে ভারতের জাতীয় দলে ফেরেন অলরাউন্ডার যুবরাজ সিং। তার আগের বছর অক্টোবরে তার শরীরে ক্যান্সার ধরা পড়ার পর যুক্তরাষ্ট্রে চিকিৎসা নেন তিনি।
ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের ওই কঠিন সময়ের অভিজ্ঞতাকে স্মৃতিচারণমূলক এই গ্রন্থে তুলে ধরেছেন যুবরাজ।
