দারিদ্য বিমোচনে ভারতকে টপকে গেছে বাংলাদেশ, নেপাল, রুয়ান্ডা
দারিদ্র্যের হার কমানোর ক্ষেত্রে ভারতকে টপকে গেছে বাংলাদেশ, নেপাল এবং রুয়ান্ডা।সোমবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত দারিদ্র্য বিমোচন সংক্রান্ত একটি সমীক্ষার ফলে এ তথ্য বেরিয়ে এসেছে।
এতে বলা হয়, এই ৩ দেশই আগামী ২০ বছরের মধ্যে দারিদ্র্য নির্মূল করতে পারবে যদি দারিদ্র্য বিমোচনে বর্তমান অগ্রগতি ধরে রাখা যায়।
জরিপে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে নেপাল, রুয়ান্ডা ও বাংলাদেশের সাফল্যের ব্যাপক প্রশংসা করা হয়। এতে বলা হয়, ১৯৯৯ থেকে ২০০৬ সালের মধ্যে দারিদ্র্য বিমোচনে ভারতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কিন্তু প্রতিবেশী রাষ্ট্র নেপাল ও বাংলাদেশের তুলনায় ভারতের গতি অনেক মন্থর। নেপালে দারিদ্র্য বিমোচনের বার্ষিক হার ৪ দশমিক ১ শতাংশ, রুয়ান্ডায় ৩ দশমিক ৪ শতাংশ এবং বাংলাদেশের ৩ দশমিক ২ শতাংশ। সেখানে ভারতে এই হার মোটে ১ দশমিক ২ শতাংশ।
সমীক্ষায় ২২টি দেশের গবেষণা প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এতে বলা হয়, স্বাস্থ্য, শিক্ষা ও জীবনমান উন্নয়নের বহুমাত্রিক দারিদ্র সূচকে (এমপিআই) বাংলাদেশ, নেপাল ও রুয়ান্ডা দারিদ্র্য নিরসনে সবচেয়ে শক্ত অবস্থানে আছে।
অক্সফোর্ড ‘পোভার্টি এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ (ওপিএইচআই) এর পরিচালক সাবিনা আলকিরি বলেন, “সুশীল সমাজের সক্রিয় অংশগ্রহণ ও সামাজিক বিনিয়োগের যুগপৎ কার্যকারিতায় নিম্ন আয়ের দেশ হওয়ার পরও নেপাল ও বাংলাদেশ দারিদ্র্য কমিয়ে আনতে সফল হয়েছে।”
গবেষণায় দেখা গেছে, ২০০৬ সালে নেপালে দরিদ্র জনসংখ্যা ছিল ৬৪ দশমিক ৭ শতাংশ, কিন্তু প্রতি বছর ৪ দশমিক ১ শতাংশ হারে দারিদ্র হ্রাসের কারণে ২০১১ সালে দারিদ্র্য কমে ৪৪ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে।
বাংলাদেশে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রতি বছর ৩ দশমিক ২ শতাংশ হারে দারিদ্র্য হ্রাস পেয়েছে, আর রুয়ান্ডায় ২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত প্রতি বছর ৩ দশমিক ৪ শতাংশ হারে দারিদ্র্য হ্রাস পেয়েছে।
ওপিএইচআই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “পুষ্টিমান, শিশুমৃত্যুর হার হ্রাস, বিদ্যুৎ, আবাসস্থল ও সম্পদ বৃদ্ধিতে নেপাল সবচেয়ে ভাল করেছে। রুয়ান্ডা ভালো করেছে স্বাস্থ্যকর পয়নিষ্কাশন ও বিশুদ্ধ পানি সরবরাহে আর বাংলাদেশ ভালো করেছে স্বাস্থ্যকর পয়নিষ্কাশন ও বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর উপস্থিতি বৃদ্ধিতে।
ওপিএইচআইয়ের গবেষক হোসে ম্যানুয়েল রোচ বলেন, “নেপাল ও বাংলাদেশ দারিদ্র্য হ্রাসের বর্তমান হার ধরে রাখতে পারলে আগামী ১০ বছরের মধ্যে দেশদুটির দরিদ্র জনসংখ্যা অর্ধেকে নেমে আসবে আর পরবর্তী ২০ বছরে দেশ দুটি পুরোপুরি দারিদ্র্য মুক্ত হবে।”
“এই একই বিবেচনায়, ভারতের চরম দারিদ্র্য মুক্ত হতে আরো ৪১ বছর লাগবে,” বলেন তিনি। ১৯৯৯ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ভারতের দারিদ্র্য বিমোচনের হার ছিল মাত্র ১ দশমিক ২ শতাংশ।
