২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার বিরোধীদলীয় জোটের অস্থায়ী প্রধানমন্ত্রী হিটো

সিরিয়ার সরকারবিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের অস্থায়ী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পশ্চিমা শিক্ষায় শিক্ষিত সাবেক ব্যবসায়ী ঘাসান হিটো।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Mar 2013, 08:33 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

মঙ্গলবার তুর্কি শহর ইস্তাম্বুলে কোয়ালিশনের এক বৈঠকে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

কোয়ালিশনের প্রায় ৫০ জন সদস্য নির্বাচনে ভোট দেন। এর মধ্যে হিটো পান ৩৫ ভোট। অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে হিটো বিরোধীদলীয় একটি সরকার গঠনে নেতৃত্ব দেবেন।

প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার যেসব অঞ্চল বিদ্রোহীদের দখলে এসেছে হিটোর নেতৃত্বাধীন অস্থায়ী সরকার সেই অঞ্চলগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন।

বিজয়ী হিসেবে হিটোর নাম ঘোষণার পর শুভেচ্ছা বক্তব্যে হিটো বলেন, “আমি সিরীয় জনগণের সব বীর ও বিপ্লবীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা তোমাদের সঙ্গে আছি।”

তবে বিরোধীদলীয় জোটের অভিজ্ঞ জ্যেষ্ঠ নেতা ওয়ালিদ আল বুন্নি, কামাল আল লাবওয়ানি ও নৃতাত্ত্বিক গোষ্ঠী নেতা আহমেদ জারবা, বিদেশি শক্তির হস্তক্ষেপে হিটোকে প্রধানমন্ত্রী করা হচ্ছে অভিযোগ করে ভোটাভুটির পর্ব থেকে নিজেদের প্রত্যাহার করে নেন।

তবে হিটোর সমর্থকরা দাবি করেন, তাদের প্রার্থী কোয়ালিশনের আভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যেও নিজের স্বচ্ছ ভাবমূর্তি ধরে রেখেছেন আর তিনি একজন যোগ্যতাসম্পন্ন ব্যবস্থাপক।

লউয়াই সাফি নামের কোয়ালিশনের আর এক সদস্য জানান, দক্ষতার ভিত্তিতে একজন প্রতিরক্ষামন্ত্রী ও একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়ে হিটো একটি সরকার গঠন করবেন বলে আশা করা হচ্ছে।