নাজি স্যালুট দিয়ে নিষিদ্ধ হলেন গ্রিক ফুটবলার
গোল দেয়ার আনন্দে নাজি কায়দায় স্যালুট দেয়ায় এক ফুটবলারকে জাতীয় দলে আজীবন নিষিদ্ধ করেছে গ্রিস।
এইকে এথেন্স ক্লাবের মিডফিল্ডার জারগোস কাতিদিস শনিবার খেলায় একটি গোল পেয়ে উল্লাসের আতিশয্যে নাজি স্যালুট দেখিয়েছিলেন।
জার্মানিতে গেস্টাপো বাহিনী প্রতিপক্ষকে হত্যার সময় বিশেষ ভঙ্গিমায় হাত তুলে তাদের নেতা হিটলারের পক্ষে স্লোগান দিত, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭ দশক পরও ইউরোপে ঘৃণার চোখে দেখা হয়।
গ্রিক ফুটবল ফেডারেশন কাতিদিসের এই গোল উদযাপনকে হিটলার বাহিনীর হাতে আক্রান্ত মানুষের প্রতি অবমাননাকর হিসেবে দেখছে।
তিনি বলেন, “আমি কোনো ফ্যাসিবাদী নই, আর এর দ্বারা কী বোঝায়, তা জানলে আমি এমনটি করতামও না।”
বর্তমানে ২০ বছর বয়সি এই খেলোয়াড় ইতোপূর্বে গ্রিসের অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন।
নাজি স্যালুটের পর ওই দেশের সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে তার সমালোচনার ঝড় বইছে।
শনিবার অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কাতিদিসের দল প্রতিপক্ষ ভিরিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয় পায়।
ফুটবল ফেডারেশন নিষিদ্ধ করলেও ক্লাবের কোচ ওয়াল্ড লিয়েনিন অবশ্য কাতিদিসের পক্ষে অবস্থান নিয়েছেন।
মধ্য মাঠে থাকা এক সতীর্থের দৃষ্টি আকর্ষণে এই ভঙ্গী- কাদিতিসের এই বক্তব্য মেনে নিচ্ছেন তিনি।
ক্লাব এই আচরণের ব্যাখ্যা চেয়েছে কাতিদিসের কাছে। তাকে আগামী সপ্তাহে ক্লাবের পরিচালনা পর্ষদের সভায় হাজির হতে হবে।
