মধ্যপ্রদেশে পর্যটক ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৬
ভারতের মধ্যপ্রদেশে সুইজারল্যান্ডের এক পর্যটককে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মধ্যপ্রদেশের একটি বনে স্বামীর সঙ্গে তাবুতে রাত যাপনের সময় ধর্ষিত হন ওই নারী। পাশাপাশি তার স্বামীকেও ব্যাপক মারধর করা হয়।
সোমবার ছয় অভিযুক্তকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশের সহকারী মহাপরিদর্শক দিলিপ আরিয়া।
লাঞ্ছিত দম্পতির লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার ৩৯ বছর বয়সী এই সুইস নারী ধর্ষিত হওয়ার মাত্র তিনমাস আগে দিল্লির একটি চলন্ত বাসে ২৩ বছরের এক ফিজিওথেরাপির ছাত্রী ধর্ষণ ও বাস থেকে ফেলে হত্যার ঘটনার প্রতিবাদে ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়।
সুইস ওই নারী ও তার স্বামী বাইসাইকেলে চড়ে মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। রাতে তারা একটি বনে তাবু খাঁটিয়ে থাকার ব্যবস্থা করেন। রাত সাড়ে নয়টার দিকে সাত ব্যক্তি এই দম্পতির তাঁবুতে হামলা চালায়, এদের মধ্যে চারজন ওই নারীকে ধর্ষণ করে বলে শনিবার জানিয়েছিলেন আরিয়া।
পরবর্তী সময়ে পুলিশি তদন্তে ঘটনায় ছয়জন জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানান আরিয়া।
ঘটনায় জড়িত থাকার অপরাধে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন, বাবা, ভুতা, রামপ্রো, বিষ্ণু, গাজা ও নিতিন। এদের সবার বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে বলে জানান তিনি।
এরা সবাই স্থানীয় কাঞ্জর নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোক। এদের কাছে একটি আগ্নেয়াস্ত্র ছিল বলে জানান আরিয়া।
মধ্যপ্রদেশ ছেড়ে ওই দম্পতি এখন নয়াদিল্লির সুইস দূতাবাসে আশ্রয় নিয়েছে।
ভারতে নারীর ওপর অব্যাহত সহিংসতার কারণে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক এ দেশটিতে নারী-নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি হয়েছে।
ভারতের জাতীয় অপরাধ তথ্য সংরক্ষণ ব্যুরোর তথ্যানুযায়ী, দেশটিতে প্রতি বিশ মিনিটে একজন নারী ধর্ষণের মুখোমুখি হয়। পুলিশের ধারণা, প্রতি দশটি ধর্ষণের ঘটনা মধ্যে মাত্র চারটির বিষয়ে অভিযোগ দায়ের করা হয়, অসম্মান ও লোকলজ্জার ভয়ে বাকী ঘটনাগুলো চেপে যাওয়া হয়।
