নবজাগরণ, সংস্কারের প্রতিশ্রুতি চীনা নেতাদের
জাতির বৃহত্তম গণজগরণের জন্য লড়াইয়ের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সর্বচ্চো অগ্রাধিকার দিয়ে কাজ করে যাওয়া এবং দুর্নীতিসহ অন্যান্য খাতে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন চীনের নতুন নেতারা।
জাতির নবজাগরণের জন্য লড়াই করে যাবেন বলে প্রথম বক্তৃতায় জানিয়েছেন চীনের নতুন প্রেসিডেন্ট শি জিনপিং।
রোববার ন্যাশনাল পিপলস্ কংগ্রেসে চীনের বার্ষিক সভা শেষে তিনি সবাইকে বাহুল্য খরচ পরিহার করা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান।
সেনাবাহিনীকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, “যুদ্ধে জয়লাভ করতে এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা দৃঢ়ভাবে রক্ষা করতে হলে তাদের সক্ষমতা আরো বাড়াতে হবে।”
‘চীনের স্বপ্ন’ পূরণ করতে হলে নিরবিচ্ছিন্ন অর্থনৈতিক উন্নয়ন অপরিহার্য উল্লেখ করে জিনপিং সবাইকে তা অর্জন করার আহ্বান জানান।
ওদিকে, রোববার প্রথম এক সংবাদ সম্মেলনে চীনের নতুন প্রধানমন্ত্রী লি কেকিয়াংও একই কথার পুনরাবৃত্তি করে বলেন, টেকসই অর্থনৈতিক উন্নয়নকেই সরকার সর্বোচ্চ অগ্রধিকার দেবে।
প্রায় দু’ঘণ্টার এ সংবাদ সম্মেলনের শুরুতে কেকিয়াং সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল রাখার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক এবং সরকার সংস্কার কার্যক্রমকে গুরুত্ব দেবে।
একইসঙ্গে কেকিয়াং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সাইবার হামলা নিয়ে বিরোধও নিষ্পত্তির প্রতিশ্রুতি দেন। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
কেকিয়াং বলেন, সবকিছুর মূলে আছে অর্থনৈতিক রূপান্তর।
এছাড়া, অন্যান্য বিষয়িগুলোর মধ্যে তিনি গুরুত্ব দেন বাড়তে থাকা অসমতা কমিয়ে আনার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জনরোষ প্রশমন করা, কেন্দ্রীয় সরকার সংস্কার করাসহ বাহুল্য খরচ কমিয়ে আনার বিষয়টিতে।
