২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়ায় এক জেনারেলসহ ২১ সেনার পক্ষত্যাগ’

সিরিয়ার সেনাবাহিনী থেকে এক বিগ্রেডিয়ার জেনারেল ও বিশ সেনা পক্ষ ত্যাগ করেছে বলে দাবী করেছে সরকার বিরোধী আন্দোলনকারীরা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 17 Mar 2013, 06:58 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

শনিবার দুটি আলাদা ঘটনায় তারা পক্ষ ত্যাগ করে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।

এটিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনীর শক্তি হারানোর আরেকটি ঘটনা বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সংবাদ চ্যানেল আল আরাবিয়াতে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, পরিবেশের সঙ্গে মিশে যাওয়ার সামরিক সাজ গ্রহণ করা বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ খালুফ বলছেন, কিছুদিন ধরেই তিনি বিদ্রোহীদের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা করছিলেন।

তিনি বলেন, “বিশেষ কোনো স্বার্থ না থাকলে সরকারের ধ্যানধারণা মেনে নেওয়া কারো পক্ষে সম্ভব না।”

তবে সিরিয়ার রাষ্ট্রিয় সংবাদ সংস্থা সেনাদের এই পক্ষত্যাগ নিয়ে কোনো কিছু জানায়নি।

আরেকটি ঘটনায় সিরিয়ার মধ্যাঞ্চলীয় মরুভূমি শহর পালমিরার কাছে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধরত সিরীয় সেনাবাহিনীর একটি অবস্থান থেকে প্রায় ২০ জন সেনাসদস্য পালিয়ে গেছে বলে জানিয়েছে সরকার বিরোধী একটি মানবাধিকার সংগঠন।

যুক্তরাজ্য ভিত্তিক ওই সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, ওই এলাকায় দুপক্ষের মধ্যে দুদিন ধরে চলামান লড়াইয়ের মধ্যে ওই সেনারা তাদের অবস্থান ছেড়ে শহরের নিকটবর্তী কৃষিক্ষেত্রের দিকে পালিয়ে গেছে।

গত কয়েকমাসে সিরীয় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ও রাজনীতিবিদদের পক্ষত্যাগের ঘটনা কমে যাওয়ার পর পাশাপাশি এ দুটি পক্ষত্যাগের ঘটনা ঘটলো।

গত দুই বছর ধরে সিরিয়ায় চলামান গৃহযুদ্ধে প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।