হুমকি পেয়ে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা উন্নত করছে যুক্তরাষ্ট্র
উত্তর কোরিয়া পরমাণু হামলা চালানোর হুমকি দেয়ার পর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল শুক্রবার এ পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জোরদার করার পরিকল্পনা হিসেবে আলাস্কার ফোর্ট গ্রিলিতে ১৪টি নতুন মিসাইল ইন্টারসেপ্টর মোতায়েন করা হবে। এতে একশ’ কোটি ডলার ব্যয় হবে।
হেগেল বলেন, যুক্তরাষ্ট্রের পূর্ব ঊপকূলেও একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার সম্ভাব্যতা খতিয়ে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের দিকে তেড়ে যাওয়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে আরো শক্তিশালী ইন্টারসেপ্টর মোতায়েন করা হতে পারে সেখানে।
এছাড়া জাপানে দ্বিতীয় একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার মোতায়েনের দিকে এগোবে যুক্তরাষ্ট্র।
“এসব পদক্ষেপ নিয়ে আমরা মাতৃভূমির প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি আমাদের মিত্র ও অংশীদারদের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করতে পারবো এবং বিশ্বের কাছে স্পষ্ট করা হবে, যে কোনো ধরনের আগ্রাসনের বিপক্ষে যুক্তরাষ্ট্র,” সংবাদ সম্মেলনে বলেন হেগেল।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে পরমাণু হামলা চালানোর হুমকি দেয় উত্তর কোরিয়া।
গত ১২ ফেব্রুয়ারি পিয়ংইয়ং তৃতীয় দফা পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানোর পর তাদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। এর জবাবে যুক্তরাষ্ট্রে হামলা চালানোর হুমকি দেয় কমিউনিস্ট শাসিত দেশটি।
সামরিক বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া পরমাণু সক্ষমতা অর্জনে বেশ কয়েক দশক ধরে কাজ করে এলেও যুক্তরাষ্ট্রে পরমাণু হামলা চালানোর সামর্থ্য লাভে তাদের আরো বেশ কয়েক বছর লাগবে।
তবে হেগেল বলেন, পূর্ব সতর্কতা হিসেবে তারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার এ সিদ্ধান্ত নিয়েছেন।
