২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাবেসের শবযাত্রায় মানুষের ঢল

ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট উগো চাবেসের আরেকটি শবযাত্রায় ফের কারাকাসের রাজপথ মানুষে মানুষে সয়লাব হয়ে গেছে। আর এতে ক্ষুব্ধ বিরোধীদল অভিযোগ করেছে, চাবেসের মৃত্যুকে ব্যবহার করে নির্বাচনে জেতার চেষ্টা করছে ক্ষমতাসীনরা।

রয়টার্স

সূত্র:

রয়টার্স

Published : 16 Mar 2013, 08:57 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

দশদিনের জাতীয় শোক শেষে শুক্রবার চাবেসের মরদেহ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের সামরিক একাডেমি থেকে ২০ কিলোমিটার দূরে সামরিক জাদুঘরে নিয়ে যাওয়া হয়।

পাহাড়বেষ্টিত এই সামরিক জাদুঘর থেকেই ১৯৯২ সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন চাবেস, আর এই ব্যর্থ অভ্যুত্থান থেকেই তার পরবর্তী রাজনৈতিক সাফল্যের সূচনা হয়।

দুই বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৫ মার্চ মৃত্যুবরণ করেন ভেনেজুয়েলার গণমানুষের নেতা প্রেসিডেন্ট চাবেস। এরপর থেকে পরবর্তী দশদিন দেশটিতে জাতীয় শোক পালন করা হয়।

এক সপ্তাহ আগে শোক চলাকালেই চাবেসের রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

শবযাত্রা চলাকালে লালশার্ট পরা হাজার হাজার চাবেসভক্ত রাস্তার পাশে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তাদের কারো কারো চোখ ছিল ভেজা। এদের একজনের মাথায় বাঁধা কাপড়ে লেখা ছিল, “চাবেস, আমি কথা দিচ্ছি, আমার ভোট মাদুরোর জন্য।”

নিজের উত্তরাধিকারী হিসেবে অস্থায়ী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মনোনীত করে গিয়েছেন চাবেস। চলতি বছরের ১৪ এপ্রিল ভেনেজুয়েলার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাদুরো। নির্বাচনে তিনি জিতবেন বলে জরিপে আভাস পাওয়া গেছে।

চাবেসের মরদেহ সাময়িকভাবে সামরিক জাদুঘরে রাখা হলেও তার শেষ ঠিকানা কোথায় হবে তা এখনও নিশ্চিত করতে পারেনি ভেনেজুয়েলা সরকার। দেরি হয়ে যাওয়ায় তার দেহ মমি করে রাখা যাবে না বলে জানিয়েছেন ভেনেজুয়েলার কর্মকর্তারা।

মমি করার প্রক্রিয়া শুরু করা হলেও শুক্রবার তা পরিত্যক্ত হয় বলে জানিয়েছেন তারা।
অন্যদিকে রুশ বিশেষজ্ঞরা জানিয়েছেন, মমি হিসেবে সংরক্ষণ করার জন্য মৃতদেহটি রাশিয়ায় নিয়ে যেতে হবে। প্রক্রিয়াটিতে সাত থেকে আটমাস সময় লাগবে।

এদিকে, কেউ কেউ চাচ্ছেন চাবেসের শেষ ইচ্ছানুযায়ী তাকে তার নিজ এলাকা বারিনাস প্রদেশে দাদীর পাশে সমাহিত করা হোক। যেখানে একটি মাটির মেঝের ঘরে দাদীর তত্ত্বাবধানে তিনি বড় হয়েছেন।

কেউ কেউ ল্যাতিন স্বাধীনতা আন্দোলনের নেতা সিমন দ্য বলিভারের পাশে তাকে সমাহিত করার কথা বলছেন। তবে শেষ পর্যন্ত কোথায় চাবেসকে সমাহিত করা হবে বা তার মৃতদেহ মমি হিসেবে সংরক্ষণ করা যাবে কি না তা জানার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।