সমালোচনার মুখে নতুন পোপ
নতুন পোপ ফ্রান্সিস প্রভাবশালীদের স্পষ্টভাষী সমালোচক এবং দরিদ্র মানুষের জন্য সরব কণ্ঠ হলেও সমালোচনার ঊর্ধ্বে উঠতে পারেননি। নিজ দেশ আর্জেন্টিনায় সামরিক শাসনের সময় মানবাধিকারের অপব্যাবহারের বিরুদ্ধে তিনি ছিলেন নিশ্চুপ- এমনই অভিযোগ করেছেন কেউ কেউ।তবে এ অভিযোগ অস্বীকার করেছে ভ্যাটিকান।
আর্জেন্টিনায় ১৯৭৬ এবং ১৯৮৩ সালের মধ্যে ৩০ হাজার বামপন্থি অপহরণ ও হত্যাকারী সামরিক শাসকদের সঙ্গে উচ্চপদস্থ রোমান ক্যাথলিক ধর্মগুরুদের সম্পৃক্ততার বিষয়টি দেশটির চার্চের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। সেই ক্ষতও সারেনি আজও।
‘ফ্রান্সিস’ নাম নেয়া নবনির্বাচিত আর্জেন্টাইন পোপ হোর্হে বেরগোলিও’র সমালোচকরা বলছেন, সামরিক শাসনকে চ্যালেঞ্জ জানানো ধর্মগুরুদেরকে রক্ষা করতে ব্যর্থ হয়েছিলেন তিনি।তাছাড়া, সামরিক শাসনের ওই সময়টিতে চার্চের দুষ্কর্ম সম্পর্কেও তিনি তেমন কিছুই বলেননি।
আর এরই ভিত্তিতে মানবাধিকার কর্মীদের অনেকেই মনে করেন, পোপ ফ্রান্সিসের নৈতিকতা এবং বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ আছে।
ফ্রান্সিসের কড়া সমালোচকরা আরো একধাপ এগিয়ে গিয়ে বলছেন, আর্জেন্টিনায় সামরিক শাসনের সময়টিতে নেতৃস্থানীয় ধর্মগুরু হয়েও তিনি বিরোধী দুই জেসুইটকে গ্রেপ্তারের সুযোগ করে দিয়েছিলেন এবং তাদেরকে নির্যাতনের ঘটনার সাক্ষীও ছিলেন।
তবে এ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ভ্যাটিকানের মুখপাত্র ফেডেরিকো লম্বার্ডি। তিনি বলেন, তার (ফ্রান্সিস) বিরুদ্ধে কখনোই কোনো বিশ্বাসযোগ্য কিংবা বাস্তবসম্মত অভিযোগ ছিল না।
এ সমস্ত অভিযোগের জন্য তিনি ধর্মগুরু বিরোধী বামপন্থিদের দায়ী করে বলেন, এসব অভিযোগ চার্চের ভাবমূর্তি ক্ষুন্ন করারই উদ্দেশ্যপ্রণোদিত।
