‘যিশুর জীবনে’ ফিরতে বললেন নতুন পোপ
নির্বাচিত হওয়ার পর প্রথম উন্মুক্ত প্রার্থনায় নবনির্বাচিত পোপ ফ্রান্সিস ক্যাথলিক গির্জাকে আধুনিকতা বর্জন করে কঠোরভাবে যিশুর জীবন অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। আসল রাস্তা থেকে সরে গেলে ক্যাথলিক গির্জা অন্যান্য আর দশটি দাতব্য সংস্থার মতোই হয়ে পড়বে বলে সতর্কবাণী উচ্চারণ করেন তিনি।
বৃহস্পিতিবার সিস্টাইন চ্যাপেলে অনুষ্ঠিত ওই প্রার্থনা সভায় তিনি এসব কথা বলেন।
কেলেঙ্কারি, প্রতারণা ও দ্বন্দ্বে জড়িয়ে পড়া একশ’ বিশ কোটি অনুসারীর এই গির্জাকে গভীর বিশ্বাসবোধসম্পন্ন এই সাধারণ আর্জেন্টাইন পোপ একটি পরিষ্কার নীতিবোধ সম্পন্ন পথে নিয়ে যেতে চাইছেন।
মিকেল্যাঞ্জেলোর আঁকা ফ্রেসকো দিয়ে সাজানো রোমের ওই গির্জায় দাঁড়িয়ে তিনি বলেন, “চার্চের জীবনে অবশ্যই যিশুর জীবন প্রতিফলিত হওয়া উচিত।”
কোনো নোট ছাড়াই ইতালিয়ান ভাষায় তিনি বলেন, “আমরা যেভাবে চাই হাঁটতে পারি, আমরা অনেক কিছু তৈরি করতে পারি, কিন্তু যিশুকে প্রচার না করলে আমাদের মধ্যে অবশ্যই কোনো গলদ আছে। এরকম হলে আমরা যিশুর অনুসারী থেকে একটি এনজিওতে পরিণত হব।”
পোপ হিসেবে ফ্রান্সিস নামধারী আর্জেন্টাইন জর্জ বেরগোলিও গত ১৩শ’ বছরের মধ্যে প্রথম অইউরোপীয় পোপ। তার নেওয়া প্রাথমিক পদক্ষেপ থেকে ধারণা করা হচ্ছে, তিনি পোপ শাসিত ভ্যাটিকানে একটি নতুনধারা চালু করতে যাচ্ছেন।
যে ধারা আড়ম্বর, জৌলুসপূর্ণ ও উচ্চাকাঙ্খার বিপরীতে সাধারণ জীবনযাপনকেই সমর্থন দেবে।
