হিগস বোসন নিয়ে ‘আরো নিশ্চিত’ বিজ্ঞানীরা
২০১২ সালের ৪ জুলাইয়ে হিগস-বোসন বা ‘ঈশ্বর কণা’র অনুরূপ নতুন একটি অতিপারমাণবিক কণার খোঁজ পাওয়ার পর বিশদ পরীক্ষা-নিরীক্ষা করে বিজ্ঞানীরা বলছেন, এটি যে হিগস বোসন এ ব্যাপারে আরো নিশ্চিত হয়েছেন তারা।
ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন) বৃহস্পতিবার একথা জানিয়েছে।
মহাবিশ্বের সৃষ্টিসংক্রান্ত মৌলিক কিছু প্রশ্নের উত্তর হিগস বোসন নামের বিশেষ কণাই দিতে পারে বলে মনে করা হয়। সেকারণে এর অস্তিত্ব আবিষ্কারে গবেষণা চলে আসছে দীর্ঘদিন ধরে।
গত বছর ৪ জুলাই ভূগর্ভস্থ লার্জ হ্যাড্রন কোলাইডারে বিগ ব্যাং ঘটিয়ে এ কণার অস্তিত্ব খুঁজে পাওয়ার দাবি করেন সার্ন বিজ্ঞানীরা।কিন্তু তারপরও বিজ্ঞানিরা জোর দিয়ে বলতে পরেননি যে এটি সত্যিই সেই দীর্ঘপ্রতিক্ষীত হিগস বোসন।
কণাটি নিয়ে ধোঁয়াশা এখনো পুরোপুরি কাটেনি।তাছাড়া, কণাটি হিগস বোসন হলেও কি ধরনের তা নিয়েও রয়েছে সংশয়।
তবে অতিপারমাণবিক সেই কণাটি নিয়ে সাম্প্রতিক কিছু উপাত্ত বিশ্লেষণের পর ইতালির পদার্থবিজ্ঞান সম্মেলনে সার্নের এক বিবৃতিতে বলা হয়েছে, কণাটির বৈশিষ্ট হিগসের সঙ্গে মেলে।তাছাড়া কনাটি বোসন ঘরানারও।ফলে এ থেকে কনাটি হিগস বোসন কনা হওয়ারই জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
হিগস নিয়ে গবেষণা চালানো আটলাস এবং সিএমএস টিম গত জুলাইয়ে পাওয়া তথ্য উপাত্তেরও বেশি উপাত্ত নিয়ে এবারকার বিশ্লেষণে কণাটির অস্তিত্বই কেবল নয় বরং এর কিছু বৈশিষ্ট্যও নিরূপণের চেষ্টা করেছে।
সিএমএস এর মুখপাত্র জোয়ে ইনসান্দেলা বলেছেন,“২০১২ সালের প্রাথমিক ফলটা ছিল চমকপ্রদ।আর আমার কাছে এখন পরিষ্কার যে, আমরা হিগস বোসন নিয়েই নাড়াচাড়া করছি।যদিও এটি কি ধরনের হিগস বোসন কণা তা জানতে আমাদের আরো সময় লাগবে।”
বিভিন্ন ধরনের হিগস বোসন কণা থাকতে পারে বলেই ধারণা বিজ্ঞানীদের।আবিস্কৃত কণাটি সাধারণ হিগস নাকি অন্যধরনের তা এখনো নিশ্চিত নন বিজ্ঞানীরা।
