২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার হামলার জন্য চীনকে দুষলেন ওবামা

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু কিছু প্রতিষ্ঠানের কম্পিউটারে সাইবার হামলার জন্য চীনকে দায়ী করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সূত্র: বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 05:56 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

চীন থেকে যুক্তরাষ্ট্রের ওয়েবসাইট হ্যাকিং নিয়ে উদ্বেগ বাড়তে থাকার মাঝে ওবামা এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ দোষারোপ করেছেন।

অবৈধ এই সাইবার হামলা নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র ‘কড়া কথাবার্তায়’ জড়াচ্ছে বলে মন্তব্য করেন ওবামা।

এবিসি নিউজে তিনি বলেন, সব না হলেও চীন থেকে কিছু কিছু ওয়েবসাইট হ্যাকিং এর ঘটনা রাষ্ট্রপরিচালিত।

তবে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে এক ধরনের সাইবারযুদ্ধে জড়িত- মার্কিন কংগ্রেসের আইনপ্রণেতাদের এ উদ্বেগকে পাশ কাটিয়ে গেছেন ওবামা।

যুক্তরাষ্ট্রের ফার্মগুলোসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে হারে সাইবার হামলা হচ্ছে তা চীনের সঙ্গে সাইবার যুদ্ধের সামিল বলে মার্কিন আইনপ্রণেতাদের দাবি সম্পর্কে ওবামাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আপনারা জানেন যে, সাইবার গোয়েন্দাগিরি কিংবা সাইবার হামলা বা উত্তপ্ত সাইবার যুদ্ধের মধ্যে বড় ধরনের পার্থক্য আছে।আর তাই যুদ্ধের সঙ্গে কোনো পরিস্থিতির তুলনা করার ব্যাপারে সবসময়ই খুবই সাবধান থাকতে হবে।”

ওবামা আরো বলেন, “সাইবার নিরাপত্ত হুমকি ধীরে ধীরে বাড়তেই দেখছি আমরা।এটি খুবই সত্য।”

“এর কিছু কিছু হুমকির সঙ্গে পুরোপুরি সরকার জড়িত।কিছু হুমকি আসছে রাষ্ট্র থেকে, আর কিছু কিছু হুমকি সৃষ্টি করছে অপরাধীরা।”

আন্তর্জাতিক আইন সবারই মেনে চলা উচিত জানিয়ে ওবামা বলেন, “এ ব্যাপারে আমরা চীনসহ অন্য সব দেশকে সতর্ক করেছি।”