২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সার ‘বিষ প্রয়োগ’ অভিযোগের তদন্ত করবে ভেনেজুয়েলা

প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের ক্যান্সার আক্রান্ত হওয়ার পেছনে বিদেশি শত্রুদের হাত আছে, এমন অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত করার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা সরকার।

রয়টার্স

সূত্র :

রয়টার্স

Published : 13 Mar 2013, 05:15 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

ভেনেজুয়েলার অস্থায়ী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক তেলেসুরে এ ঘোষণা দেন।

২০১১ সালে শরীরে ক্যান্সার ধরা পড়ার পর স্বয়ং শ্যাভেজ প্রথম অভিযোগটি করেছিলেন। তিনি অভিযোগ করে বলেছিলেন, সাম্রাজ্যবাদী শত্রুরা হয়তো তার শরীরে ক্যান্সারের বিষ ঢুকিয়ে দিয়েছে।

ঘোষণায় মাদুরো বলেন, “আমরা সত্য খুঁজে বের করবো। আমাদের মন বলছে, রাস্তা থেকে সরানোর জন্য আমাদের কমান্ডারকে অন্ধকারের শক্তিরা ক্যান্সারের বিষ প্রয়োগ করেছে।”

অভিযোগের তদন্ত করার জন্য একটি রাষ্ট্রীয় কমিটি গঠন করা হবে বলে তিনি জানিয়েছেন। বিদেশি বিজ্ঞানীদের এই কমিটিতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে।

শ্যাভেজের মনোনীত উত্তরসূরী মাদুরো আগামী ১৪ এপ্রিল অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের একজন প্রার্থী। ৫ মার্চ চতুর্থ বারের মতো নির্বাচিত ক্যান্সার আক্রান্ত প্রেসিডেন্ট শ্যাভেজের মৃত্যু হলে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

গত অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে শ্যাভেজের কাছে পরাজিত প্রার্থী হেনরি ক্যাপ্রিলেস আসছে নির্বাচনে ফের প্রার্থী হয়েছেন। তবে জরিপে দেখা গেছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে ১০ শতাংশেরও বেশি ভোট পেয়ে জয়ী হবেন মাদুরো।