২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারে ফ্রান্স-জার্মানির ভিন্নমত

সিরিয়ার সরকার বিরোধীদের সহায়তা করার লক্ষ্যে কঠোর অস্ত্র নিষেধাজ্ঞায় কিছুটা ছাড় দেওয়ার ব্যাপারে ইইউ সরকারগুলো কয়েক সপ্তাহ আগে একমত হয়। এর আগে বিষয়টি নিয়ে ইইউ’র সদস্য দেশগুলোর মধ্যে তীব্র বিতর্ক হয়।

রয়টার্স

সূত্র:

রয়টার্স

Published : 12 Mar 2013, 08:42 AM

Updated : 25 Apr 2022, 06:28 PM

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের সহায়তা করার উদ্দেশ্যে সিরিয়ার ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) তাগাদা দিয়েছে ফ্রান্স। কিন্তু এ ধরনের পদক্ষেপে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে জার্মানি।

সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে ইউরোপের প্রভাবশালী এ দুই রাষ্ট্রের মধ্যে মতপার্থক্য দেখা দেয়।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিয়াস বলেছেন, অস্ত্র নিষেধাজ্ঞা উঠিয়ে নিলে আসাদ সরকারের সঙ্গে লড়াইয়ে বিদ্রোহীদের পক্ষে সমতা তৈরি হবে।

কিন্তু জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গুইদো ওয়েস্টারওয়েল বলেছেন, এ ধরনের পদক্ষেপে ওই অঞ্চলে অস্ত্রের যোগান বেড়ে গিয়ে অনিয়ন্ত্রিত যুদ্ধ ছড়িয়ে পড়বে।

সিরিয়ার সরকার বিরোধীদের সহায়তা করার লক্ষ্যে কঠোর অস্ত্র নিষেধাজ্ঞায় কিছুটা ছাড় দেওয়ার ব্যাপারে ইইউ সরকারগুলো কয়েক সপ্তাহ আগে একমত হয়। এর আগে বিষয়টি নিয়ে ইইউ’র সদস্য দেশগুলোর মধ্যে তীব্র বিতর্ক হয়।

ওই সিদ্ধান্তের কয়েকদিনের মধ্যেই স্পর্শকাতর ইস্যুটি নিয়ে আবার তাড়া দিল ফ্রান্স।

“অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বারবার উঠে আসার কারণ, সিরিয়ায় লড়াইরত দুপক্ষের মধ্যে অস্ত্র শক্তির অসমতা। রাশিয়া ও ইরান বাশার সরকারকে আধুনিক সমরাস্ত্র সরবরাহ করে। কিন্তু বিরোধী ন্যাশনাল কোয়ালিশনের সে ধরনের অস্ত্র নেই,” বলেন ফ্যাবিয়াস।

“আমি মনে করি অস্ত্র নিষেধাজ্ঞা প্রশ্নে আমাদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। আমরা এমন একটি অসমতা মেনে নিতে পারিনা যার কারণে একটি পুরো জনগোষ্ঠী শেষ হয়ে যাবে.” বলেন তিনি।

অপরদিকে ওয়েস্টারওয়েল বলেন, “আমি মনে করি মুক্ত অঞ্চলের অবকাঠামো নির্মাণে আমাদের আরো বেশি কিছু করা দরকার। তাই অর্থনৈতিক ও আর্থিক খাতের উপর আরোপিত নিষেধাজ্ঞা, যা এই মূহূর্তে পুরো দেশকেই ভোগাচ্ছে, আরো নমনীয়ভাবে তদারকি করে এতে কিছু পরিবর্তন আনতে পারি। যার মাধ্যমে আমরা ওই অঞ্চলগুলোতে পানীয় জল সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ, চিকিৎসা সুবিধা ও অন্যান্য অবকাঠামো নির্মাণে মালামাল সরবরাহ করতে পারি।”

সৌদি আরব ও কাতার সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়। নিজেদের পাঠানো অস্ত্র ইসলামি জঙ্গিদের হাতে চলে যেতে পারে যা আবার পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধেই ব্যবহার করা হতে পারে, এই আশঙ্কায় সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সাহায্য দিতে অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

ফ্রান্সের মতো ইইউ’র আরেক প্রভাবশালী রাষ্ট্র যুক্তরাজ্যও চায় সিরিয়ার ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা শিথিল করতে। কিন্তু ইইউ’র অন্যান্য সদস্য রাষ্ট্র বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে।