২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

উত্তর কোরিয়ার বৈদেশিক বাণিজ্যে লেনদেনকারী প্রধান ব্যাংক ‘নর্থ কোরিয়া ফরেন ট্রেড ব্যাংকে’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয়। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচীতে সমর্থন যোগানোর কারণে ব্যাংকটির বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স

সূত্র :

রয়টার্স

Published : 12 Mar 2013, 07:17 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

সোমবার নিউ ইয়র্কের এশিয়া সোসাইটিতে দেওয়া এক ভাষণে এ কথা জানান প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডনিলন।

আগেই তৈরি করা ওই ভাষণে তিনি বলেন, “পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্রের লক্ষ্য যুক্তরাষ্ট্রও হতে পারে। কিন্তু একটি পরমাণু অস্ত্রধর রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্র মেনে নেবে না।”

তিনি বলেন, ওয়াশিংটন উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় ইচ্ছুক ছিল কিন্তু এর আগে অবশ্যই পিয়ংইয়ংকে আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলতে “অর্থপূর্ণ পদক্ষেপ” গ্রহণ করতে হবে।

প্রতিবেশীদের হুমকী দেওয়ায় উত্তর কোরিয়ার সঙ্গে “স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক” চালিয়ে যাওয়া চীনের উচিত নয় বলেও মন্তব্য করেন ডনিলন।

এছাড়া উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচীর সঙ্গে জড়িত তিনজন শীর্ষস্থানীয় ব্যক্তির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়। এরা হলেন উত্তর কোরিয়ার সমরাস্ত্র উৎপাদন ও রপ্তানী প্রধান পাক তু চুন, সমরাস্ত্র সংরক্ষণ ও সরবরাহ সংস্থার পরিচালক চু কাইয়ু চ্যাঙ এবং উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশনের ভাইস চেয়ারম্যান কুক রাইওল।

আলাদাভাবে উত্তর কোরিয়ার ব্যালেস্টিক মিসাইল উৎপাদন তদারকি সংস্থা ‘দ্বিতীয় অর্থনৈতিক কমিটি’র চেয়ারম্যান পায়েক সি বঙের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।