মমিতে হৃদরোগ
চর্বিযুক্ত রক্তধমনী কেবল যে আধুনিক অস্বাস্থ্যকর জীবনযাত্রারই ফসল তা নয়, প্রাচীনকালেও মানুষের এমন জীবধারা যে ছিল সম্প্রতি এক গবেষণায় সে প্রমাণই পেয়েছেন গবেষকরা।
প্রাচীন মমিকৃত দেহাবশেষের হৃদযন্ত্র স্ক্যান করে এমনই চর্বিযুক্ত ধমনী এবং হৃদরোগের খোঁজ পেয়েছেন গবেষকরা।
৪ হাজার বছরের পুরোনো ১৩৭ টি মমির ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে এদের এক-তৃতীয়াংশই মারা গেছেন হার্ট অ্যাটক ও স্ট্রোকে।
এর কারণ হিসাবে আধুনিক জীবনধারার মতো তাদের সময়েও ধূমপান এবং মুটিয়ে যাওয়ার মতো বিষয়গুলোকেই দায়ী মনে করছেন গবেষকরা।
এর আগের গবেষণাগুলোতে মিশরের বহুসংখ্যক মমিতে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের জন্য দায়ী অথেরোসক্লারোসিস ধরা পড়ার পর গবেষকদের ধারণা ছিল, সমাজের উঁচু শ্রেণীর মানুষেরাই এ রোগে ভুগেছেন যারা চর্বিতে পরিপূর্ণ বিলাসবহুল খাদ্যাভ্যাসে অভ্যস্ত ছিলেন।
কিন্তু প্রাচীন কালের মানুষের মধ্যে এ রোগের ব্যাপ্তি আসলেই কতটা ছিল তা আরো ভালভাবে বোঝার জন্য নতুন গবেষণায় মিশর, পেরু, দক্ষিণ-পশ্চিম আমেরিকা ও আলাস্কার অ্যালুশিয়ান দ্বীপ এলাকার মমিগুলোর সিটি স্ক্যান করেছেন গবেষকরা।
এতে ৪৭ বা ৩৪ শতাংশ মমিতেই অথেরোসক্লারোসিসের চিহ্ন পাওয়া গেছে, যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের কারণ।ফলে আধুনিক যুগের মানুষের মতো সে যুগের মানুষেরও একইরকম রোগাক্রান্ত হওয়ার সাদৃশ্য খুঁজে পেয়েছেন গবেষকরা।
বিশ্বব্যাপী বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সভ্যতায় বসবাস করা মানুষের মধ্যে এ রোগের লক্ষণ ধরা পড়ায় বিস্মিত হয়েছেন গবেষকরা।
গবেষক দলের প্রধান ও সেন্ট লুক’স মিড আমেরিকা হার্ট ইনসটিটিউটের অধ্যাপক প্রফেসর রান্ডেল থম্পসন বলেন, “বাস্তব চিত্রটি হচ্ছে, বিভিন্ন সভ্যতার মমির ওপর গবেষণা করে আমরা অথেরোসক্লারোসিসের একই মাত্রা দেখতে পেয়েছি, তাদের জীবনধারা ও খাদ্যাভ্যাসে অনেক পার্থক্য থাকলেও প্রাচীন জীবনে অথেরোসক্লারোসিস প্রায় সবার শরীরেই ছিল-এমনটিই ধারণা করছি আমরা।”
