২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হমসে বিদ্রোহীদের আসাদ বাহিনীর ব্যুহ ভেদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হমসে আসাদ বাহিনীর অবরোধব্যুহ ভেঙে ফেলেছে বলে দাবি করেছে সরকারবিরোধী আন্দোলনকারীরা।

রয়টার্স

সূত্র :

রয়টার্স

Published : 11 Mar 2013, 08:20 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

সরকারি বাহিনীর তীব্র আকাশ হামলা সত্বেও রোববার এ সাফল্য পায় বিদ্রোহী বাহিনী।

হমস রাজধানী দামেস্ক থেকে ১শ’ ৪০ কিলোমিটার উত্তরে সিরিয়ার মধ্যাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক সংযোগস্থলে অবস্থিত। ভূমধ্যসাগরের উপকূলের সেনাঘাঁটিগুলোর সঙ্গে রাজধানীর যোগাযোগের প্রধান পথটি এখান দিয়ে গিয়েছে।

বিরোধীদলগুলোর সূত্রগুলো জানিয়েছে, সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহরে বিদ্রোহীদের শক্তিশালী অবস্থানগুলো কয়েকমাস ধরে অবরোধ করার পর দখল করে সরকারি বাহিনী। এসব লড়াইয়ে হারতে থাকা বিদ্রোহীরা পাল্টা হামলা চালিয়ে সরকারি বাহিনীর ব্যুহ ভেদ করেছে।

হামা ও ইদলিব প্রদেশের বিদ্রোহীবাহিনীগুলো এ পাল্টা হামলায় নেতৃত্ব দিয়েছে। শনিবার তারা উত্তর দিক থেকে সরকারি বাহিনীর ব্যুহ লক্ষ্ করে পাল্টা হামলা শুরু করে। পাশাপাশি হমস এলাকার গ্রামীণ বিদ্রোহী গ্রুপগুলোও হমসের বাবা আম্রো এলাকায় সরকারি বাহিনীর লাইন লক্ষ্ করে চালানো এ হামলায় যোগ দেয়।

এক বছর আগে দীর্ঘ অবরোধের পর বিদ্রোহীদের কাছ থেকে এলাকটির দখল নিয়ে নিয়েছিল সরকারি বাহিনী। এরপর প্রেসিডেন্ট আসাদ এলাকাটি পরিদর্শন করে যান।

এই লড়াইয়ের বিষয়ে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, “বাবা আম্রো এলাকার ভিতরে ঢোকার চেষ্টাকালে আমাদের সাহসী সেনাবাহিনীর একটি ইউনিটের সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের একটি দলের লড়াই হয়। এতে সন্ত্রাসী গোষ্ঠীর বহু সদস্য হতাহত হয়।”

আবু ইমাদ নামে এক বিরোধীদলীয় আন্দোলনকারী জানান, বাবা আম্রো এলাকায় সরকারি বাহিনীর আকাশ হামলায় পুরো পশ্চিম হমস কেঁপে কেঁপে উঠছে।

“পুরো শহরের পরিস্থিতি এলোমেলো হয়ে আছে। সরকারি বাহিনী বিদ্রোহীদের হামলা ঠেকানোর চেষ্টায় ব্যস্ত। আশপাশের গ্রামীণ এলাকা থেকে এসে বিদ্রোহীরা হামলা শুরু করেছে,” বলেন তিনি।