দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তরের হটলাইন সংযোগ বিচ্ছিন্ন
কূটনৈতিক সম্পর্কহীন দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার যোগাযোগের একমাত্র মাধ্যম রেডক্রসের হটলাইন সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পিযংইয়ং। যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া নিয়ে কোরীয় উপদ্বীপে সৃষ্ট চরম উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়া এ পদক্ষেপ নিল।
উত্তর কোরিয়ার সাম্প্রতিক পরীক্ষামূলক পরমাণু বোমা বিস্ফোরণের পর দেশটির বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার আওতা বর্ধিত করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। নতুন এ নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে উত্তর কোরিয়া।
এরই মধ্যে যুক্তরাষ্ট্র- দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া পরিস্থিতি আরো উত্তপ্ত করে তোলে। যৌথ সামরিক মহড়া পরিকল্পনা বাতিল না করলে মহড়া শুরুর দিন ১১ মার্চ হাটলাইন সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়ে রেখেছিল উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার এক সরকারি কর্মকর্তা বলেন, “সকাল ৯টায় আমরা কল দিয়েছিলাম, কিন্তু কল যায়নি।”
হটলাইন সচল আছে কিনা তা জানতে প্রতিদিনই কল দেওয়া হয় বলে জানান তিনি।
দু্ই কোরিয়ার সীমান্তে অবস্থিত “যুদ্ধ বিরতি” গ্রাম পাম্মুনজমের দক্ষিণ কোরিয়া অংশে মোতায়েন জাতিসংঘ বাহিনীর সঙ্গেও হটলাইন সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।
১২ ফেব্রুয়ারি উত্তর কোরিয়া পরীক্ষামূলকভাবে তৃতীয় পরমাণু বোমার বিস্ফোরণ ঘটালে কোরীয় উপদ্বীপে উত্তেজনা সৃষ্টি হয়। নিষেধাজ্ঞা সত্বেও পরমাণু বিস্ফোরণ ঘটানোর জন্য দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।
বার্ষিক যৌথ সামরিক মহড়ার আয়োজনের লক্ষ্যে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। ১১ মার্চ, সোমবার থেকে মহড়া শুরু হয়ে এপ্রিলের শেষ পর্যন্ত চলবে।
উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু যুদ্ধ শুরু করতে যুক্তরাষ্ট্র এ মহড়াকে আড়াল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করে উত্তর কোরিয়া। ১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে চলমান অস্ত্রবিরতি বাতিল করার হুমকি দেয় দেশটি।
যুক্তরাষ্ট্রও পরমাণু হামলা চালানোর হুমকি দেয়। তবে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা উত্তর কোরিয়ার এ হুমকিকে ‘বাগাড়ম্বর’ বলে উড়িয়ে দিয়েছেন।
