পাপুয়া নিউ গিনিতে ৬.৭ মাত্রার ভূমিকম্প
পাপুয়া নিউ গিনিতে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে এতে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং আঞ্চলিক সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
দেশটির রাজধানী পোর্ট মোর্সবের জিওগ্রাফিক্যাল অবজারভেটরির সহকারী পরিচালক ক্রিস ম্যাককি জানিয়েছেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল অত্যন্ত গভীরে হওয়ায় বড় ধরনের কোন সমস্যার সৃষ্টি হবে না।
সোমবার ভোরে রাজধানী পোর্ট মোর্সবের ১৯৮ মাইল উত্তরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫২ মাইল গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। ‘রিং অব ফায়ার’ এর ওপর অবস্থিত হওয়ায় বিশ্বে পাপুয়া নিউ গিনিতে সবচেয়ে বেশি ভূকম্পন অনুভূত হয়।
