২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরীয় শরণার্থী বাড়তে পারে তিনগুণ: জাতিসংঘ

সিরিয়ায় সংঘর্ষের অবসান না ঘটলে প্রতিবেশী দেশগুলোতে ইতোমধ্যেই ১০ লাখে পৌঁছে যাওয়া শরণার্থীর সংখ্যা এ বছরের শেষ নাগাদ দুই থেকে তিনগুণ বেড়ে যেতে পারে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার এন্টনিও গুটারেস একথা বলেছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 10 Mar 2013, 02:30 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

প্রতিবেশী দেশ তুরস্কয় সাংবাদিকদেরকে গুটারেস সতর্ক করে দিয়ে বলেন, সিরিয়া সঙ্কট আরো বেশিদিন ধরে চলতে থাকলে এমন শরণার্থী বিস্ফোরণ ঘটার আশঙ্কা আছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রতিবেশী দেশগুলোতে সিরীয় শরণার্থীর সংখ্যা এখন ১০ লাখ ছাড়িয়েছে।


জাতিসংঘ শরণার্থী সংস্থার হিসাবমতে, ১ জানুয়ারী থেকে ৪ লাখেরও বেশি সিরীয় শরণার্থী প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।এর অর্ধেকই শিশু।যাদের বয়স ১১র নিচে।

গত বছর ডিসেম্বরে দিনে গড়ে সিরিয়া ছেড়ে পালিয়েছে ৩ হাজার মানুষ।জানুয়ারিতে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার জনে।ফেব্রুয়ারিতে তা আরো বেড়ে হয়েছে ৮ হাজার।

“এ ধারা অব্যাহত থাকলে… এ বছরের শেষ নাগাদ সিরীয় শরণার্থীর সংখ্যা বর্তমানের তুলনায় আরো দুই থেকে তিনগুণ বাড়বে,” বলেন গুটারেস।

সিরিয়ার বেশির ভাগ শরণার্থীই পালিয়ে গেছে লেবানন, জর্ডান, তুরস্ক, ইরাক, মিশরসহ উত্তর আফ্রিকা এবং ইউরোপের কিছু দেশে।

জাতিসংঘের হিসাবমতে, সিরিয়ায় দুবছরের সংঘর্ষে নিহত হয়েছে ৭০ হাজার মানুষ।আর সিরিয়ার অভ্যন্তরে উদ্বাস্তু মানুষের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে।