সরকার ঢেলে সাজাচ্ছে চীন
১৯৯৮ সালের পর চীন এবারই সরকার কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনছে। সরকারের দক্ষতা বৃদ্ধি ও দুর্নীতি নিয়ন্ত্রণ পদক্ষেপের আওতায় প্রভাবশালী রেলওয়ে মন্ত্রণালয় ভেঙে দিয়েছে চীন।
জালিয়াতি, দুর্নীতি আর তহবিল অপচয়ের অভিযোগে ব্যাপক সমালোচনায় পড়া রেলওয়ে মন্ত্রণালয়কে এখন পরিবহন মন্ত্রণালয়ের অধীনে নেয়া হয়েছে।
এছাড়া, বিতর্কিত এক সন্তান নীতি তদারককারী পরিবার পরিকল্পনা কমিশনকে নেয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায়।
এর আগে পার্লামেন্টের চলমান বার্ষিক অধিবেশনে সরকারের নতুন এ পুনর্বিন্যাস পরিকল্পনা প্রকাশ করে চীন। রোববার সরকারি এক বিবৃতিতে এ সিদ্ধান্ত পার্লামেন্টকে জানানো হয়।
১৯৯৮ সালের পর চীন সরকারে এটাই সবচেয়ে বড় পুনর্বিন্যাস। চীনের আমলাতন্ত্রের কাজ নিয়ে জনগণের উদ্বেগের মুখে মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে পরিসর বড় করে দক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়েছে চীন সরকার।
চীনে ন্যাশনাল পিপলস কংগেসের অধিবেশন চলছে।এ অধিবেশনেই চীনের কমিউনিস্ট পার্টি এক দশকের নেতৃত্বে পরিবর্তন ঘটাবে।দলের প্রধান শি জিংপিং চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের স্থলাভিষিক্ত হবেন লি কেকিয়াং।
গত সপ্তাহে অধিবেশনের শুরুতেই দেশে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুর্নীতি বিরোধী অভিযান এবং আরো জনকল্যাণমূলক কর্মসূচির প্রতিশ্রুতি দেন জিয়াবাও।
এরই মধ্যে মন্ত্রণালয়ের বিলুপ্তিতে দুর্নীতি এবং আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে জনগণ ও নেতাদের উদ্বেগেরই বহিঃপ্রকাশ ঘটল।
পরিবর্তিত কাঠামোয় নতুন চায়না রেলওয়ে করপোরেশনের আওতায় থাকবে নির্মাণ ও ব্যবস্থাপনা কর্মসূচি।আর রেলওয়ে বিষয়ক নিরাপত্তা এবং বিধিবিধানের বিষয়টি দেখভালের দায়ত্বি থাকবে পরিবহণ মন্ত্রণালয়ের ওপর।
ওদিকে, পরিবার পরিকল্পনা কমিশনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নেয়ার পর এক সন্তান নীতির বিষয়টি পুনর্বিবেচনা করা হবে কিনা তা নিশ্চিত জানা যায়নি।
দক্ষিণ চীন সাগর নিয়ে ক্রমবর্ধমান বিরোধ ও উত্তেজনার কারণে সমুদ্র বিষয়ক সংস্থাগুলোকে একটি একক প্রশাসনের আওতায় আনবে চীন।উপকূলরক্ষী বাহিনী, কাস্টমস এবং ফিশারিজ এনফোর্সমেন্ট এর দায়িত্বে থাকবে ‘ন্যাশনাল ওশেনিক অ্যাডমিনিস্ট্রেশন’।
এছাড়া, গণমাধ্যম নজরদারি করা দু’টি প্রতিষ্ঠান ‘জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব প্রেস’ এবং‘পাবলিকেশন এ্যান্ড দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব রেডিও, ফিল্ম এ্যান্ড টেলিভিশন’ও একীভূত করা হবে।
