২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান-যুক্তরাষ্ট্র আলোচনা চলছে: কারজাই

আফগান তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে সম্প্রীতি আলোচনা চলছে কাতারে।আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই রোববার একথা জানিয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 10 Mar 2013, 09:45 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

যুক্তরাষ্ট্রের বিবৃতিকে অস্পষ্ট, বিভ্রান্তিমূলক আখ্যা দিয়ে তালেবানরা এক বছর আগে আলোচনা প্রত্যাখ্যান করে।

যুক্তরাষ্ট্র সরকার বলেছে, তারা তালেবানদের সঙ্গে আলোচনাসহ রাজনৈতিক সম্প্রীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।কিন্তু অগ্রগতি লাভ করতে হলে আফগান সরকার এবং বিদ্রোহীদের মধ্যে সমঝোতা চুক্তির প্রয়োজন পড়বে।

আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষ্যে কারজাই এক বৈঠকে বলেন, “তালেবান ও উর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা প্রতিদিনই উপসাগরীয় ওই রাষ্ট্রে আলোচনা চালিয়ে যাচ্ছে।”

তবে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর কথা অস্বীকার করেছেন এবং আলোচনা স্থগিত হয়ে যাওয়ার পর থেকে এ পর্যন্ত এ ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি বলেও জানিয়েছেন।কারইজায়ের বক্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন তিনি।

ওদিকে, আলোচনার ব্যাপারে মন্তব্যের জন্য কোনো মার্কিন কর্মকর্তাকেও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

২০১৪ সালে আফগানিস্তান থেকে নেটো সেনা প্রত্যাহারের আগে কাবুল সরকার তালেবানদেরকে আলোচনার টেবিলে আনার জন্য চাপ দিচ্ছে।তবে আফগান কর্মকর্তারা তালেবানদের সঙ্গে সরাসরি আলোচনায় বসেনি।

তালেবানরা কাতারে তাদের একটি কার্যালয় খোলার প্রস্তাব দেয়ার পর ২০১০ সালের শেষ দিকে জার্মানিতে দু’পক্ষের মধ্যে গোপনে আলোচনা শুরু হয়।