‘নাইজেরিয়ায় ৫২ বিদ্রোহী নিহত’
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে ইসলামপন্থী বিদ্রোহীদের সঙ্গে দশদিনের যুদ্ধে ৫২ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে দাবী করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্যও নিহত হয়েছেন বলে জানিয়েছেন তারা।
শনিবার নাইজেরিয়ার এক সেনা কর্মকর্তা এ দাবী জানিয়েছেন।
তবে কোনো নিরপেক্ষ সূত্রের মাধ্যমে দাবীর নিশ্চয়তা বিধান করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
বরনো রাজ্যে দেশটির প্রেসিডেন্টে গুডলাক জোনাথনের সফরের একদিন পর বিদ্রোহী দমনের ক্ষেত্রে এ সাফল্যের ঘোষণা দিল রাজ্যটির জয়েন্ট টাস্ক ফোর্স (জেটিএফ)।
পুলিশ ও সেনাসদস্যদের সমন্বয়ে তৈরি জেটিএফ এর রাজ্য মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সাগির মুসা এক বিবৃতিতে জানান, বিদ্রোহী বোকো হারাম জঙ্গিদের বিরুদ্ধে গত দশদিন ধরে চালানো ধারাবাহিক অভিযানে এসব বিদ্রোহী নিহত হয়।
তিনি বলেন, “অভিযানের সময় দুপক্ষের মধ্যে গুলিবিনিময়ে ১০ জন কমান্ডারসহ বোকো হারামের ৫২ সন্ত্রাসী নিহত হয়। এছাড়া আরো ৭০ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।”
অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে দাবী করেন তিনি।
শুক্রবার বরনো রাজ্যে সফরের সময় বিদ্রোহীদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণার সম্ভবনা নাকচ করেন প্রেসিডেন্ট জোনাথন। গত দুই বছরে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বোকো হারাম জঙ্গিদের বন্দুক ও বোমা হামলায় কয়েকশত মানুষ নিহত হয়।
এদিকে উত্তর নাইজেরিয়ার একটি নির্মাণাধীন প্রকল্প থেকে অপহৃত সাত বিদেশী জিম্মিকে হত্যা করা হয়েছে বলে দাবী করেছে বোকো হারামের উত্তরপশ্চিমাঞ্চল ভিত্তিক দলছুট একটি অংশ। তবে এ ধরনের কোনো হত্যাকাণ্ডের খবর তাদের জানা নেই বলে জানিয়েছে নাইজেরীয় কর্তৃপক্ষ।
