হেগেলের সফরকালে কাবুলে হামলা, নিহত ৯
কাবুলে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফটকে এক আত্মঘাতী বোমা হামলায় ৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। শনিবার দেশটিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলের সফরকালে এই হামলা চালানো হল।
বিস্ফোরণস্থলের কাছাকাছি স্থানেই হেগেল ছিলেন। তবে তিনি আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) তত্ত্বাবধানে নিরাপদেই ছিলেন বলে ন্যাটো নেতৃত্বাধীন আইএসএএফ’র একজন মুখপাত্র জানিয়েছেন।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, অন্ততপক্ষে ৯ জন সাধারণ আফগান নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন ১৪ জন।
একটি বাইকেলে করে এই আত্মঘাতী হামলা চালানো হয় বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
আফগানিস্তানের প্রেসিডেন্টের প্রাসাদের নিকটবর্তী ওই ভবনটিকে ঘিরে থাকা রাস্তা বন্ধ করে দিয়ে জরুরি উদ্ধারকর্মীরা বিস্ফোরণস্থলের ধ্বংসাবশেষ ও রক্ত পরিষ্কার করেছে। তবে মন্ত্রণালয় ভবনটিকে ঘিরে থাকা একটি দেয়ালে বিস্ফোরণে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।
আফগান তালেবান এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, ওই মন্ত্রণালয় ছিল তাদের হামলার লক্ষ্য। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এই হামলা হেগেলের জন্য ‘এক ধরনের বার্তা’।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে শুক্রবার আফগানিস্তান গেছেন চাক হেগেল। বোমা হামলার পর ন্যাটোর ঘাঁটি থেকে তাকে আরো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
আত্মঘাতী হামলার পর প্রতিরক্ষামন্ত্রী কাবুলের নিকটবর্তী বাঘরাম বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি সেনা কমান্ডারদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।
সফরকালে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে হেগেলের।
২০১৪ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগ করার পর দেশটির নিরাপত্তা ব্যবস্থাকে ক্রমশ চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে এ ধরনের হামলা।
অনেক আফগান আশঙ্কা করছেন, বিদেশি বাহিনী চলে যাওয়ার পর তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সহিংসতার আশ্রয় নেবে যা আরো একটি গৃহযুদ্ধের দিকে দেশটিকে ঠেলে দেবে।
