জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান উত্তর কোরিয়ার
পরীক্ষামূলক পরমাণু বোমা বিস্ফোরণের দায়ে শুক্রবার নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ার আর্থিক খাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো কঠোর করার ও নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশটির পণ্যের চালান আটকের উদ্যোগ নেওয়ার সিন্ধান্ত নেয়।
পরমাণু অস্ত্র কর্মসূচী বন্ধ করার উদ্দেশ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরোপ করা নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। পরমাণু কর্মসূচী চালিয়ে নেওয়ারও ইঙ্গিত দিয়েছে দেশটি।
শনিবার এক বিবৃতিতে উত্তর কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।
বিবৃতিতে বলা হয়, “ডিপিআরকে, আগেও যেমন করেছে, তীব্রভাবে এই নিষেধাজ্ঞা প্রস্তাবের নিন্দা জানাচ্ছে এবং ডিপিআরকের বিরুদ্ধে আরোপ করা এই নিষেধাজ্ঞা প্রস্তাব, যা যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক নীতির ফল, পুরোপুরি প্রত্যাখ্যান করছে।”
“নিরাপত্তা পরিষদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের এসব প্রস্তাব পাকানোর ফল কি হয়, ডিপিআরকে পরমাণু অস্ত্র শক্তির দেশ হিসেবে স্থায়ীভাবে আত্মপ্রকাশ করে বিশ্বকে তা পরিষ্কারভাবে দেখিয়ে দেবে।”
ডিপিআরকে, উত্তর কোরিয়ার দাপ্তরিক নাম ডেমক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার সংক্ষিপ্ত রূপ।
পরীক্ষামূলক পরমাণু বোমা বিস্ফোরণের দায়ে শুক্রবার নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ার আর্থিক খাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো কঠোর করার ও নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশটির পণ্যের চালান আটকের উদ্যোগ নেওয়ার সিন্ধান্ত নেয়।
উত্তর কোরিয়ার প্রধান মিত্র চীনও নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করার পক্ষে সম্মতি দিয়েছে।
২০০৬ সালের পর থেকে এটি উত্তর কোরিয়ার বিরুদ্ধে আনা পঞ্চম নিষেধাজ্ঞা প্রস্তাব। উত্তর কোরিয়ার ব্যালাস্টিক মিসাইল প্রযুক্তি ও পরমাণু অস্ত্র নির্মাণ কর্মসূচীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এসব প্রস্তাব আনা হয়।
২ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার তৃতীয় পরমাণু বোমা পরীক্ষার পর কোরিয়া উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতিতে চরম উত্তেজনা সৃষ্টি হয়।
