চীনে ছুরিকাঘাতে ৪ ব্যক্তি নিহত
চীনের পশ্চিমাঞ্চলীয় শহর জিনজিয়াং-এ বৃহস্পতিবার একদল আক্রমণকারীর ছুরিকাঘাতে ৪ ব্যক্তি নিহত ও ৮ ব্যক্তি আহত হয়েছেন।
জিনজিয়াং-এর করলায় তেল প্রতিষ্ঠানে বৃহস্পতিবার এই হামলা চালানো হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও আঞ্চলিক মুখপাত্র হাও হানমিন জানিয়েছেন, গ্রেপ্তার বা হতাহতের ব্যাপারে তিনি এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারছেন না।
২০০৯ সালে জিনহুয়ার মুসলিম উইগার এবং চীনা হানদের মধ্যে দাঙ্গায় অন্ততপক্ষে ২শ’ ব্যক্তি নিহত হয়।
এই হামলা এমন সময়ই হল যখন চীনের নেতারা পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) বার্ষিক অধিবেশনে রয়েছেন। এ অধিবেশনেই পুরোনোদের জায়গায় স্থলাভিষিক্ত হবেন নতুন নেতারা।
এ অধিবেশন শেষের পর ওয়েনের স্থলাভিষিক্ত হবেন লি কেকিয়াং। আর প্রেসিডেন্ট হু জিনতাও এর স্থলাভিষিক্ত হবেন কমিউনিস্ট পার্টি প্রধান শি জিনপিং। জিনপিং গত নভেম্বরে পার্টি প্রধান নির্ধারিত হন।
