যুক্তরাষ্ট্রে আগাম পরমাণু হামলার হুমকি উত্তর কোরিয়ার
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগ বাড়িয়ে পরমাণু হামলা চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব ওঠার আগ মুহূর্তে দেশটি এ হুমকি দেয়।
দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র পরমাণু যুদ্ধ শুরুর পট প্রস্তুত করছে বলে অভিযোগ করে আসছে উত্তর কোরিয়া।
এ মহড়া চলতে থাকলে ১৯৫০-৫৩ সালে কোরীয় যুদ্ধাবসানে ওয়াশিংটনের সঙ্গে সই করা যুদ্ধবিরতি চুক্তি থেকে বেরিয়ে আসার হুমকিও উত্তর কোরিয়া ইতোমধ্যেই দিয়েছে।কিন্তু দেশটির সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানার হুমকি এটিই প্রথম।
উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন,“যুক্তরাষ্ট্র পরমাণু যুদ্ধ বাধানোর উপক্রম করায় আমরাও চূড়ান্তভাবে আমাদের স্বার্থ রক্ষায় আগ্রাসী শক্তির সদরদপ্তরগুলোতে আগাম পরমাণু হামলা চালানোর অধিকার প্রয়োগ করব।” উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ বিবৃতি প্রকাশ করেছে।
যুদ্ধবিরতি চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয়ায় পর উত্তর কোরিয়া এখন ১১ মার্চে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া তুঙ্গে থাকার সময়টিতেই সামরিক ব্যবস্থা নেয়ার অধিকার রাখে বলে জানান উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক ওই মুখপাত্র।
উত্তর কোরিয়া এর আগে ১২ ফেব্রুয়ারিতে জাতিসংঘ নিষেধাজ্ঞা উপেক্ষা করে তৃতীয়বারের মতো পরমাণু বোমা পরীক্ষা চালায় এবং পরমাণু অস্ত্রভান্ডার গড়ে তোলায় অগ্রগতির আভাস দেয়। তবে যুক্তরাষ্ট্রের মাটিতে দেশটির পরমাণু হামলা চালানোর সক্ষমতা এখনো নেই বলেই মনে করা হয়।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার উত্তর কোরিয়াকে তৃতীয় পরমাণু বোমা পরীক্ষার শাস্তি দিতে পিয়ংইয়ং এর ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রস্তাবে ভোট দিয়েছে।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন,“এ নিষেধাজ্ঞা প্রস্তাব উত্তর কোরিয়াকে এ বার্তাই দিচ্ছে যে, আন্তর্জাতিক সম্প্রদায় তাদের (উত্তর কোরিয়া) চলমান পরমাণু কর্মসূচি সহ্য করবে না।”
