শোকের মধ্যেই ভেনেজুয়েলায় নির্বাচনের প্রস্তুতি
ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের কফিন নিয়ে দেশটির রাজধানী কারাসারে রাস্তায় শোকাহত লাখো মানুষ বুধবার মিছিল করে। এই আবেগাপ্লুত জনতাই শ্যাভেজের উত্তরসূরি ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আসন্ন নির্বাচনে বিজয়ী করতে পারে, আর টিকে যেতে পারে দেশটির সমাজতান্ত্রিক বিপ্লব।
শোকমিছিলে শ্যাভেজের কফিনটি ভেনেজুয়েলার নীল, লাল আর হুলুদ রঙের বিন্যাসে গড়া জাতীয় পতাকা দিয়ে জড়ানো ছিল। লাখ লাখ মানুষ প্রিয়নেতার শববাহী কফিনটিকে অনুসরণ করে। তারা ফুল দিয়ে, স্লোগানে স্লোগানে শ্রদ্ধা জানায় প্রিয় প্রেসিডেন্টের প্রতি।
অনেকেই শ্যাভেজের আলোকচিত্রের প্ল্যাকার্ড বহন করে, যেখানে লেখা, ‘আমি শ্যাভেজকে ভালবাসি’। কেউ বা শ্যাভেজের ছবিসহ টি-শার্ট পরেই যোগ দেয় মিছিলে। কফিনটি যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়, সেই রাস্তার দু’পাশের বাড়ির ছাদ থেকেও অনেকে চিৎকার করে তাদের আবেগ প্রকাশ করে।
লাতিন আমেরিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে বিবেচিত শ্যাভেজ ২ বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার মাত্র ৫৮ বছর বয়সে মারা যান। তার শবদেহ কারাকাসের সেনা অ্যাকাডেমিতে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার তার শেষকৃত্যানুষ্ঠানের আগ পর্যন্ত সেখানেই তার কফিন সংরক্ষিত থাকবে।
ভেনেজুয়েলার দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে নিরন্তর কাজ করে যাওয়া শ্যাভেজের উত্তরসূরি বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপরই এখন তার অসমাপ্ত কাজ সম্পন্ন করার দায়িত্ব। শ্যাভেজ নিজেই তার দীর্ঘদিনের সঙ্গী মাদুরোকে তার উত্তরসূরি নির্বাচন করেছেন।
শ্যাভেজের প্রয়াণের পর মাদুরো দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আমরা জনগণকে এই শোক কাটিয়ে শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।’
সাবেক বাসচালক ও ইউনিয়ন নেতা ৫০ বছর বয়সী মাদুরোকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে মধ্যপন্থী নেতা হেনরিক ক্যাপরিলেসকে মোকাবিলা করতে হবে। হেনরিক বর্তমানে মিরান্ডা প্রদেশের গভর্নর।
ভেনেজুয়েরার বিরোধীদলগুলো এবং ক্যাপরিলেস আরো একবার প্রেসিডেন্ট নির্বচানে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে।
গত বছর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে তিনি হুগো শ্যাভেজের কাছে পরাজিত হলেও ৪৪ ভাগ ভোট পেয়েছিলেন।
আর এটিই ছিল শ্যাভেজের বিরুদ্ধে নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বীর সবচেয়ে ভাল ফলাফল।
দেশটির সাম্প্রতিক জনমত জরিপে দেখা যাচ্ছে মাদুরো ৪০ বছর বয়সী ক্যাপরিলেস থেকে বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। ধারণা করা হচ্ছে, শ্যাভেজের মৃত্যুর কারণে দেশজুড়ে যে আবেগের জন্ম হয়েছে সেটা কাজে লাগিয়ে মাদুরো আসন্ন নির্বাচনে সহজেই উৎরে যাবেন।
ভেনেজুয়েলার নীতিনির্ধারকরা জানিয়েছেন, সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য ৩০ দিনের মধ্যেই নির্বাচন দিতে হবে। তবে ঠিক কবে এই নির্বাচন হবে এ ব্যাপারে কোনোকিছু জানায়নি তারা।
প্রায় দুই বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার রাজধানী কারাকাসের একটি সামরিক হাসপাতালে মারা যান ৫৮ বছর বয়সী শ্যাভেজ। রাষ্ট্রীয় টেলিভিশনে বাষ্পরুদ্ধ কণ্ঠে ভেনেজুয়েলাবাসীকে প্রেসিডেন্টের মৃত্যুর খবর জানান ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
শ্যাভেজের মৃত্যুর ঘণ্টাখানেক পর দেশের রাজনৈতিক ও সামরিক নেতাদের পাশে নিয়ে মাদুরো জাতির উদ্দেশে বলেন, “আমাদের জন্য এ এক গভীর বেদনার মুহূর্ত। যে জনগণকে তুমি সুরক্ষা দিয়ে আসছিলে, তাদের পক্ষ থেকে কমান্ডার তোমায় সালাম।”
প্রেসিডেন্টের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কারাকাসের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। তারা স্লোগান দিতে থাকেন- শ্যাভেজ আছে, থাকবে/বিপ্লব চলবে।
কারাকাসের যে সামরিক হাসপাতালে শ্যাভেজের মৃত্যু হয় তার বাইরে সারা রাত অবস্থান করে শোকার্ত জনতা। প্রিয় নেতার ছবি হাতে অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
এদিকে, রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয় শ্যাভেজের বিভিন্ন সময়ের ভাষণ। তার বিভিন্ন সময়ের ছবিও একের পর এক ভেসে ওঠে টেলিভিশনের পর্দায়।
তার মৃত্যু ছুঁয়ে গেছে রাজনৈতিক প্রতিপক্ষকেও। গত অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে শ্যাভেজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান হেনরিক ক্যাপরিলস।
এক শোক বার্তায় শ্যাভেজের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “আমাদের রাজনৈতিক মতপার্থক্য ছিল। কিন্তু কখনো আমরা শত্রু ছিলাম না।”
শ্যাভেজের মৃত্যুতে ভেনেজুয়েলায় রাষ্ট্রীয়ভাবে সাত দিনের শোক পালন শুরু হয়েছে। দেশের সব সামরিক ঘাঁটিতে ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। তাকে সমাহিত করার আগ পর্যন্ত প্রতি ঘণ্টায় তোপধ্বনির মধ্য দিয়ে প্রয়াত প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানানো হবে বলে সশস্ত্র বাহিনী জানিয়েছে।
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এক সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছে।
১৪ বছর ভেনেজুয়েলার নেতৃত্ব দেয়া এই সমাজতান্ত্রিক নেতার মৃত্যুর শোক ছড়িয়েছে লাতিন আমেরিকার অন্য দেশগুলোতেও। তার মৃত্যুতে বলিভিয়া সাতদিনের ও কিউবা তিন দিনের জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছে।
১৯৫৪ সালে জন্মগ্রহণকারী হুগো শ্যাভেজ সামরিক বাহিনীতে যোগ দেন ছত্রীসেনা বা প্যারাট্রুপার হিসাবে।
১৯৯৮ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে দেশকে অনেক দূর এগিয়ে নেন তিনি। ক্ষমতায় আসার পর পররাষ্ট্র নীতিতে সাম্রাজ্যবাদ বিরোধিতা আর দেশে দরিদ্রবান্ধব নীতি অবলম্বন করেন।
