মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ গ্রেপ্তার
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় হাই কমিশন ত্যাগের ১০ দিন পর তাকে গ্রেপ্তার করা হল। বুধবার নাশিদকে আদালতে হাজির করারও নির্দেশ রয়েছে।
শাসনক্ষমতার শেষ দিনগুলোতে অবৈধভাবে এক বিচারককে আটক করার অভিযোগ সংশ্লিষ্ট মামলায় ১০ ফেব্রুয়ারিতে নাশিদ আদালতে হাজিরা দিতে ব্যর্থ হওয়ার পর আদালত তাকে গ্রেপ্তার করার আদেশ দেয়।
মালদ্বীপ পুলিশের মুখপাত্র হাসান হানিফ রয়টার্সকে বলেন, “আমরা তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ পেয়েছি।নাশিদকে পুলিশী হেফাজতে রাখা হয়েছে।”
নির্দেশানুয়ায়ী তাকে আদালতে হাজির করা হবে বলে জানান হানিফ।
এর আগে গ্রেফতারি পরোয়ানা এড়াতে ১৩ ফেব্রুয়ারি ভারতীয় দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন নাশিদ। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন এমন একটি সমঝোতার ভিত্তিতে ১০ দিন পর দূতাবাস ছাড়েন তিনি।
ম্বালদ্বীপে গত বছর ফেব্রুয়ারিতে নাশিদকে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছে বলে অভিযোগ তার সমর্থকদের।নাশিদের গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে প্রতিবাদও করেছে তারা।
মামলায় নাশিদ দোষী সাব্যস্ত হলে ৭ সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারবেন না তিনি।নাশিদের বিচার তাকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে দেয়ারই চেষ্টা অভিযোগ করে আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে তার দল।
নাশিদের ভাষ্য, বিরোধীদের প্রতিবাদ এবং পুলিশ বিদ্রোহের পর বন্দুকের নলের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন তিনি। তবে গত অগাস্টে ন্যাশনাল কমিশন বলেছে, নাশিদের সরকার পতন কোনো অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়নি।
