৭ জনের শিরশ্ছেদ হচ্ছে সৌদি আরবে
সৌদি আরবে কিশোর বয়সে সশস্ত্র ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে দোষি সব্যস্ত সাত ব্যক্তির শিরশ্ছেদ করা হচ্ছে। মঙ্গলবার তাদের এই দণ্ড কার্যকর করার কথা রয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ খবর জানিয়েছে।
২০০৬ সালে কিশোর বয়সে ওই সাত ব্যক্তি ডাকাতির ঘটনা ঘটিয়েছিল বলে সৌদি কর্তৃপক্ষের অভিযোগ। ২০০৯ সালে তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। অভিযুক্তরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে তাদের মৃত্যুদণ্ডের আদেশ অনুমোদন করেছেন সৌদি বাদশা আবদুল্লাহ।
তবে স্বীকারোক্তি আদায়ের জন্য নির্যাতন করা হয়েছে বলে অভিযুক্তদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে অ্যামনেস্টি।
“তারা বারবার বলেছে, তাদের নির্মমভাবে পেটানো হয়েছে, খাবার ও পানি বন্ধ রাখা হয়েছে, ঘুমুতে দেওয়া হয়নি, ২৪ ঘন্টা একনাগাড়ে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়েছে। এসব কিছু করে ‘স্বীকারোক্তিতে’ স্বাক্ষর নেওয়া হয়েছে,” বলে জানিয়েছে অ্যামনেস্টি।
সৌদি কর্তৃপক্ষ কাউকে নির্যাতন করে না, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বরাবর এমন দাবি করা হলেও অ্যামনেস্টির অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলেও মন্ত্রণালয়ে মুখপাত্রকে পাওয়া যায়নি।
অভিযুক্ত সাত ব্যক্তি সৌদি আরবের পিছিয়ে পড়া দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আসির-এর বাসিন্দা। চলতি বছর সৌদি আরব এ পর্যন্ত ১৭ ব্যক্তির শিরশ্ছেদ করেছে বলে জানিয়েছে অ্যামনেস্টি।
খুন, সশস্ত্র ডাকাতি, মাদক চোরাচালান, জাদুটোনা ও ডাইনিবিদ্যা চর্চার শাস্তি হিসেবে দেশটিতে কঠোর ইসলামি শরিয়া আইন অনুসরণে সর্বোচ্চ শাস্তি দেওয়ার বিধান আছে।
