‘পরমাণু আলোচনার ছলে বোমা বানানোর সময় নিচ্ছে ইরান’
বিতর্কিত পরমাণু প্রকল্প নিয়ে নতুন আলোচনা শুরু করে ইরানের হাতে বোমা বানানোর মতো পর্যাপ্ত সময় তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রোববার ইসরায়েলি মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এ অভিযোগ করেন।
এ সময় তিনি ফেব্রুয়ারির ২৬-২৭ তারিখে অনুষ্ঠিত ইরান ও ছয় বিশ্বশক্তির সিদ্ধান্তহীন বৈঠকের দিকে ইঙ্গিত করেন। ওই বৈঠকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি হ্রাস করার বিনিময়ে ইরানের ওপর আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞায় কিছুটা ছাড় দেওয়ার প্রস্তাব দেয় পশ্চিমা দেশগুলো।
তবে এর জবাবে ইরান এখনও কিছু না জানালেও কারিগরি আলোচনায় বসতে রাজি হয়। তুরস্কের ইস্তাম্বুলে ১৮ মার্চ ওই আলোচনা হওয়ার কথা আছে। এরপর ৫-৬ এপ্রিল ফের কাজাখস্তানের রাজধানী আলমাতিতে বিশ্বশক্তিগুলোর সঙ্গে আলোচনায় বসবে ইরান।
কিন্তু ইরান ক্রমশ পরমাণু বোমা নির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে এ সম্ভাবনায় উদ্বিগ্ন ইসরায়েল এসব আলোচনার দীর্ঘসূত্রিতায় অধৈর্য হয়ে উঠেছে। কূটনৈতিক আলোচনা কোনো ফল বয়ে না আনলে ইরানে সরাসরি হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল।
যদি আগামী কয়েকমাসের মধ্যে আলোচনা ফলপ্রসূ হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া না যায় তাহলে এ সময়ের মধ্যেই ইরানে ইসরায়েলি হামলার জোর সম্ভাবনা আছে।
মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, “এইসব আলোচনা নিয়ে আমার মনোভাব হল, এতে যা হচ্ছে তা হল সময় ক্ষেপণ, পরমাণু বোমা বানানোর লক্ষ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার জন্য ইরান সময় ক্ষেপণের এ কৌশল নিয়েছে আর এ লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যাচ্ছে।”
