পর্তুগালে কৃচ্ছ্র বিরোধী বিক্ষোভ
পর্তুগালজুড়ে সরকারের কৃচ্ছ্র পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে লাখ লাখ মানুষ। রাজধানী লিসবনে সরকারের পদত্যাগের দাবিতে শনিবার বিক্ষোভ করেছে ২ লাখেরও বেশি মানুষ।
লিসবনের আশেপাশে বিক্ষোভরত মানুষের সংখ্যা ৫ লাখ বলে জানিয়েছেন সংগঠকরা।অন্য শহরগুলোতে বিক্ষোভ করেছে আরো শ’শ’ মানুষ।
পর্তুগালকে অর্থনীতি পুনরুদ্ধার তহবিল দেয়ার বিনিময়ে বাজেটে ব্যয় কাটছাঁটের শর্ত দেয়ার কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল(আইএমএফ), ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের নিন্দা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেছে মানুষ।
পর্তুগালের রক্ষণশীল সরকার বাজেট ঘাটতি কমাতে কর বহালাংশে বাড়িয়েছে। দেশটিতে বেকারত্বের হার এরই মধ্যে রেকর্ড ১৭ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে।টানা তিন বছরের অর্থনৈতিক মন্দার মধ্যে এ বছর পর্তুগালের অর্থনীতিতে আরো ধসের আশঙ্কা করা হচ্ছে।
এ পরিস্থিতিতে স্যোশাল মিডিয়ায় সংগঠিত বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছে পর্তুগালের প্রধান ট্রেড ইউনিয়ন ফেডারেশন।
গত সেপ্টেম্বরে পর্তুগাল সরকারের কৃচ্ছ্র পদক্ষেপের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভের পর এটি আরো বড় বিক্ষোভ বলেই ধারণা করা হচ্ছে।
