আফগান বালক নিহতের ঘটনায় ক্ষমা চাইল নেটো
উরুজগান প্রদেশে গত বৃহস্পতিবার ৭ বছরের কম বয়সী ওই দুই বালক নেটো হামলায় নিহত হয়।
নেটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনীর(আইএসএএফ)মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল গুন্টার কাজ বলেন, “আমাদের বাহিনী বিদ্রোহী ভেবে ভুল করে হেলিকপ্টার থেকে গুলি করলে দুই আফগান বালক নিহত হয়।”
“এ ঘটনার জন্য নেটো নেতৃত্বাধীন আইএসএএফ বাহিনী ক্ষমাপ্রার্থী। এর পুরো দায় নিচ্ছে তারা”, বলেন নেটো কমান্ডার।
নেটো হামলায় আফগানিস্তানে বেসামরিক মানুষ হতাহতের ঘটনায় ক্ষুদ্ধ মানুষ।
শনিবার প্রকাশিত এক বিবৃতিতে নেটো কমান্ডার জেনারেল জোসেফ ডানফোর্ড বালক নিহতের ঘটনায় ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থনা করে নিহতের পরিবারের প্রতি সহমর্মিতা জানান।ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সঠিক কাজটিই করার প্রতিশ্রুতি দেন তিনি।
