ব্যয় সংকোচন বন্ধে মতৈক্য চান ওবামা
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যয় সংকোচন কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মাথায় তা বন্ধে একসঙ্গে কাজ করার জন্য কংগ্রেস সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
শুক্রবার রাতে এ সংক্রান্ত একটি আদেশে সই করেন ওবামা, যার মাধ্যমে ২ মার্চ থেকে ১ অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় সরকারের বাজেট থেকে আট হাজার পাঁচশ’ কোটি ডলার কমে যাবে।
যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি কমাতে দুই বছর আগে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ব্যয় সংকোচনের এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা ছিল।কিন্তু এর বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণে কংগ্রেস সদস্যদের মতৈক্য না হওয়ায় ওই আদেশে সই করতে বাধ্য হন ওবামা।
রাতেই হোয়াইট হাউজে ক্ষমতাসীন দল ডেমোক্র্যাট ও বিরোধীদল রিপাবলিকানের কংগ্রেস সদস্যদের নিয়ে প্রেসিডেন্টের বৈঠক হয়। ব্যয় কমানোর বিকল্প হিসেবে অন্য কোনো বিষয়ে মতৈক্য ছাড়াই শেষ হয় ওই বৈঠক।
কেন্দ্রীয় সরকারের ব্যয় কমে আসলে তাতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এতে সামরিক খাত ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাড়ে সাত লাখ মানুষ কর্মহীন হয়ে পড়বে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
এ বিষয়ে শনিবার ওবামা বলেন, “এ ব্যয় কাটছাঁট যথাযথ নয়। এতে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং মানুষ চাকরি হারাবে।
“কঠোর ব্যয় সংকোচন ইতোমধ্যেই দেশজুড়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। এটা যতোক্ষণ স্থায়ী হবে ক্ষতি ততোটা বেশি হবে।”
দেশের বাজেট ঘাটতি কমানোর উপায় হিসেবে ব্যয় সংকোচনের পাশাপাশি ধনীদের ওপর কর বাড়ানোর পক্ষে ওবামা। কিন্তু তাতে রাজি নন রিপাবলিকানরা। ধনীদের ওপর আরো কর বাড়ানো সঠিক হবে না বলে মনে করেন তারা।
