২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ চীনের

বিশ্বজুড়ে ওয়েবসাইট হ্যাকিং এ চীনা সামরিক ইউনিট জড়িত থাকার মার্কিন অভিযোগের পর এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করল চীন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 28 Feb 2013, 01:23 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ দুটি প্রধান সামরিক ওয়েবসাইট গত বছর একমাসেই ১৪৪,০০০ বার হ্যাকিং এর শিকার হয়েছে।এর দুই-তৃতীয়াংশই ঘটেছে যুক্তরাষ্ট্র থেকে।

চীনের প্রতিরক্ষামন্ত্রণালয় বৃহস্পতিবার একথা জানিয়েছে।

এর আগে এ মাসেই যুক্তরাষ্ট্রের একটি কম্পিউটার সুরক্ষা প্রতিষ্ঠান এক প্রতিবেদনে জানিয়েছিল, চীনের একটি সামরিক ইউনিট গোপনে বিশ্বজুড়ে দফায় দফায় ওয়েবসাইট হ্যাক করেছে।এর বেশিরভাগেরই লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র।

এ প্রতিবেদনকে কেন্দ্র করে তাৎক্ষণিকভাবে বাকযুদ্ধে জড়িয়ে পড়ে বেইজিং-ওয়াশিংটন।চীন এ অভিযোগ তীব্রভাবে প্রত্যাখ্যান করে।

আর এখন দেশটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে চীনা প্রতিরক্ষামন্ত্রণালয়ের ওয়েবসাইট নিয়মিত হ্যাকিং এর শিকার হওয়ার বিস্তারিত কিছু তথ্য দিল।

মন্ত্রণালয়ের মুখপাত্র গেং ইয়ংশেং বলেন, “প্রতিরক্ষামন্ত্রণালয় এবং চীনের সামরিক অনলাইন ওয়েবসাইটগুলো চালু হওয়ার শুরু থেকেই হ্যাকারদের মারাত্মক হুমকির মধ্য দিয়ে যাচ্ছে এবং সাম্প্রতিক সময়ে হ্যাকিং এর ঘটনা ধীরে ধীরে বেড়ে চলেছে।”

“আইপি ঠিকানা অনুযায়ী, চীনের প্রতিরক্ষামন্ত্রণালয় এবং সামরিক অনলাইন ওয়েবসাইটগুলো ২০১২ সালে বিদেশ থেকে একমাসে গড়ে ১ লাখ ৪৪ হাজার বার হ্যাকিং এর শিকার হয়েছে।এর মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ হ্যাকিং এর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্র থেকে।”

ইয়েংশেং মাসিক এক সংবাদ সম্মেলনে একথা বলেন।এ সম্মেলনে কোনো বিদেশি সাংবাদিককে প্রবেশের অনুমতি দেয়া হয়নি।সম্মেলনের বক্তব্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।