২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় বিশ্বশক্তি-ইরান বৈঠক শুরু

ইরান পরমাণু কর্মসূচি বন্ধ করলে এর বিনিময়ে দেশটিতে আরোপিত কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রস্তাব করা হতে পারে দুই দিনের এ বৈঠকে।৮ মাসের মধ্যে এটি দুপক্ষের প্রথম বৈঠক।

রয়টার্স

.

রয়টার্স

Published : 26 Feb 2013, 10:59 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কাজাখস্তানের আলমাতিতে মঙ্গলবার থেকে দুইদিনের বৈঠক শুরু হয়েছে।

এতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনার বিনিময়ে দেশটির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রস্তাব দেয়া হবে।

৮ মাসের মধ্যে প্রথম এ বৈঠকে ইরান পরমাণু কর্মসূচি নিয়ে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছতে আন্তরিকভাবে আলোচনা চালিয়ে যাবে বলে আশা করছে ছয় দেশ।

আলমাতিতে ইতোমধ্যেই আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।গত বছর ইস্তাম্বুল, বাগদাদ এবং মস্কোয় নিস্ফল কয়েক দফা বৈঠকের ধারাবাহিকতায় এ আলোচনা শুরু হল।

ইরানের সঙ্গে এ আলোচনায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্স।

কূটনীতিক ও বিশ্লেষকরা বলছেন, বৈঠকে ইরান এই ছয় দেশের যৌথ প্রস্তাব গ্রহণ করবে এবং উত্তেজনা প্রশমনে কিভাবে বাস্তবসম্মত পদক্ষেপ নেয়া যায় তা নিয়ে শিগগিরিই আরো আলোচনায় বসবে।

তবে ইরান এখন পর্যন্ত তাদের পরমাণু কর্মসূচিতে ছাড় দেয়ার কোনো লক্ষণ দেখায়নি।ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে বলে সন্দেহ পম্চিমা বিশ্বের।

কিন্তু ইরান তাদের পরমাণু কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজেই চালানো হচ্ছে বলে দাবি করে আসছে।

সম্প্রতি দ্রুতহারে ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য ইরান নতুন মডেলের উন্নত বেশ কিছু সেন্ট্রিফিউজ স্থাপন করেছে।

অতিমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান পরমাণু বোমা বানানোর কাজে ব্যবহার করতে পারে বলেই আশঙ্কা পশ্চিমাদের।