যুদ্ধবিরতির পর ইসরায়েলে গাজার রকেট হামলা
ইসরায়েলি পুলিশ হেফাজতে শনিবার আরাফাত জারাদাত নামে এক ফিলিস্তিনি বন্দির মৃত্যুর পর গাজা থেকে রকেট নিক্ষেপের ঘটনা ঘটলো। ওই ফিলিস্তিনির মৃত্যুর ঘটনায় পশ্চিম তীরে তীব্র প্রতিবাদ বিক্ষোভ করেছে ফিলিস্তিনিরা।
নভেম্বর মাসে এক সপ্তাহের তীব্র যুদ্ধের পর শুরু হওয়া যুদ্ধবিরতির মধ্যে মঙ্গলবার ফিলিস্তিনের গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এটিই ইসরায়েলে প্রথম রকেট হামলা।
মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।
রকেটটির বিস্ফোরণে দক্ষিণ ইসরায়েলের আশখেলন এলাকার একটি রাস্তা ক্ষতিগ্রস্ত হলেও কেউ আঘাত পাননি বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র মাইক রোজেনফিল্ড।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত গাজার কোনো জঙ্গি গোষ্ঠী এ রকেট হামলার দায় স্বীকার করেনি।
ইসরায়েলি পুলিশ হেফাজতে শনিবার আরাফাত জারাদাত নামে এক ফিলিস্তিনি বন্দির মৃত্যুর পর গাজা থেকে রকেট নিক্ষেপের ঘটনা ঘটলো। ওই ফিলিস্তিনির মৃত্যুর ঘটনায় পশ্চিম তীরে তীব্র প্রতিবাদ বিক্ষোভ করেছে ফিলিস্তিনিরা।
সোমবার বেথেলহেমে বিক্ষুব্ধ ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ শুরু হলে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে ইসরায়েলি সেনারা। গুলিতে পাঁচ ফিলিস্তিনি আহত হয়। আহতদের মধ্যে ১৫ বছরের এক কিশোরের অবস্থা সঙ্কটাপন্ন।
জারাদাতের অপর চার সঙ্গী বন্দি অবস্থায় অনশন ধর্মঘট করছে যা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে।
রকেট হামলা বন্ধের অজুহাতে নভেম্বরে আটদিন ধরে গাজায় টানা আকাশ হামলা চালায় ইসরায়েল। পরে মিশরের মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ইসরায়েল সফরে আসার কথা। ওই সফরের আগে দুপক্ষের মধ্যে নতুন উত্তেজনা ছড়িয়ে পড়ার লক্ষণ দেখা যাচ্ছে।
