নতুন সেন্ট্রিফিউজ বসাচ্ছে ইরান
ইরান তাদের প্রধান পরমাণু স্থাপনায় নতুন উন্নতমানের সেন্ট্রিফিউজ বসাতে শুরু করেছে বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।
নাতাঞ্জ শহরের কাছে পরমাণু স্থাপনায় ১৮০ টি নতুন মডেলের আইআর-টুএম সেন্ট্রিফিউজ বসানো হয়েছে। তবে সেগুলোতে এখনো কাজ শুরু হয়নি বলে জানিয়েছে আইএইএ।
এর আগে ইরান ২৩ জানুয়ারিতে আইএইএ কে একটি চিঠি দিয়ে আইআর-টুএম মডেলের সেন্ট্রিফিউজ বসানোর পরিকল্পনার কথা জানিয়েছিল।
আইএইএ ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ করে বৃহস্পতিবার একটি প্রতিবেদনে নতুন ওই সমস্ত সেন্ট্রিফিউজ বসানোর কাজ শুরু হওয়ার কথা জানায়।
খবরটি সত্য হয়ে থাকলে তা ইরানের আরেকটি ‘উস্কানিমূলক’ পদক্ষেপ হবে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।
ইরান নতুন এ সেন্ট্রিফিউজগুলো ঠিকমত বসাতে পারলে দ্রুতগতিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। ইরানে বর্তমানে যে গতিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয় তার চেয়েও দুই-তিনগুণ দ্রুতহারে ইউরেনিয়াম সমৃদ্ধ করা সম্ভব হবে নতুন সেন্ট্রিফিউজে।
ইরান বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজেই ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বলে দাবি করে আসলেও পশ্চিমাদের ধারণা, অতিমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পরমাণু বোমা তৈরির কাজে লাগাতে পারে দেশটি।
আর সে কারণেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ২৬ ফেব্রুয়ারিতে বিশ্বের শক্তিধর দেশগুলোর আলোচনা শুরুর আগে দিয়ে সেন্ট্রিফিউজ বসানোর এই তৎপরতাকে উস্কানিমূলক হিসাবে দেখছে যুক্তরাষ্ট্র।
২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আলোচনায় ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে না পারলে দেশটির ওপর আরো চাপ প্রয়োগ করা হবে এবং একঘরে করে ফেলা হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি।
