‘ড্রোন হামলায় নিহতের সংখ্যা ৪ হাজার ৭শ’
যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় এ পর্যন্ত ৪ হাজার ৭শ’ মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশকিছু সাধারণ মানুষও রয়েছে। যুক্তরাষ্ট্রের একজন সিনেটরের বরাত দিয়ে দেশটির স্থানীয় একটি সংবাদমাধ্যম বুধবার এই তথ্য জানিয়েছে।
এরমধ্য দিয়ে প্রথমবারের মত যুক্তরাষ্ট্রের কোন আইনপ্রণেতা বা সরকারি কোন প্রতিনিধি ড্রোন হামলায় নিহতের পরিসংখ্যান প্রকাশ করছেন। আর এই বিষয়টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে মানবাধিকার গোষ্ঠীগুলোর প্রবল সমালোচনার শিকার হয়েছে।
পাকিস্তান, ইয়েমেনসহ আরো বেশকিছু স্থানে সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিদের লক্ষ্য করে চালানো শত শত ড্রোন হামলায় এই বিপুল সংখ্যক নিহতের ঘটনা ঘটে।
তবে পাকিস্তান ও ইয়েমেন ছাড়া আর কোথায় ড্রোন হামলা চালানো হয় এ বিষয়টি রহস্যে ঘেরা। মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে এ ব্যাপারে কোনো আলোচনা প্রত্যাখ্যান করেছেন।
কিন্তু ড্রোন হামলার একনিষ্ঠ সমর্থক রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম প্রকাশ্যেই দাবি করে থাকেন, নিহতের সংখ্যা বেশকিছু স্বাধীন জরিপের পাওয়া সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।
তিনি এসলে ওয়েবসাইটে বলেন, ‘আমরা ৪ হাজার ৭শ’ মানুষকে হত্যা করেছি।’
তিনি আরো বলেন, ‘কখনো কখনো নিরপরাধ ব্যক্তিও আক্রান্ত হয়েছে, সেটা আমি ঘৃণাও করি। কিন্তু আমরা যুদ্ধরত রয়েছি, আমাদের আল কায়েদার শীর্ষস্থানীয় বেশ কয়েকজনকে পেতে হবে।’
তবে গ্রাহামের কার্যালয় থেকে জানানো হয়েছে, তিনি বেফাঁস কোনকিছু বলেননি বা সরকারের গোপন কোন তথ্যও প্রকাশ করেননি।
গ্রাহামের একজন মুখপাত্র বলেন, ড্রোন হামলায় নিহতের সংখ্যা পত্রিকায় এবং টেলিভিশনে প্রচারের পর তিনি তা উদ্ধৃত করেছেন মাত্র।
