ধর্মঘট-সহিংসতায় উত্তাল ভারত
ভারতজুড়ে বুধবার ট্রেড ইউনিয়ন গুলোর ডাকা ৪৮ ঘন্টার ধর্মঘটের প্রথমদিনে দেশটির বিভিন্ন রাজ্যে সহিংসতায় এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিক্ষুব্ধ শ্রমিকরা নয়াদিল্লির কাছে কয়েকটি কারখানায় ভাংচুর করে এবং গাড়ি ধ্বংস করে।
রাজধানীর ১৬ কিলোমিটার দূরের নোইদা শিল্প এলাকায় ধর্মঘটে নামা প্রায় ৪শ শ্রমিক একটি কারখানা বন্ধ করার দাবিতে সেখানে পাথর ছুড়ে মারে।
এ সময় সাতটি গাড়ি এবং একটি ট্রাকে আগুন ধরায় শ্রমিকরা। এছাড়া ১২টির ও বেশি গাড়ি ভাংচুর করে তারা। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে পুলিশ ।
কারখানার মালিক এনডিটিভিতে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, শ্রমিকরা কারখানার ফটক এবং দেয়াল বেয়ে ভেতরে প্রবেশ করে কম্পিউটার ভাংচুর করাসহ লুটপাট করে। এছাড়া কারখানার ভেতরে বিভিন্ন যন্ত্রাংশেরও ক্ষতি করেছে তারা।
ওদিকে, আম্বালায় সহিংসতায় ট্রেড ইউনিয়নের এক শ্রমিক নিহত হয় বলে জানানো হয়েছে গণমাধ্যমের খবরে।
এ বছর ভারত সরকারের সবচেয়ে কৃচ্ছ্র বাজেট ঘোষণার পরিকল্পনার মধ্যে এ ধর্মঘট শুরু হল।
ধর্মঘটে অধিকাংশ জায়গায় অফিস,কারখানা এবং গাড়ি চলাচল বন্ধ থাকলেও দিল্লির এবং দেশটির ব্যবসায়িক কেন্দ্র মুম্বাই সুরক্ষিত ছিল এবং সেখানকার বানিজ্যিক বিপনিবিতানগুলো খোলা ছিল বলে জানা গেছে।
পণ্যের মূল্যবৃদ্ধি,খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ সহ ভারতে ক্ষমতাসীন ইউপিএ সরকারের বিভিন্ন নীতিমালার প্রতিবাদে এ ধর্মঘট শুরু করেছে ট্রেড ইউনিয়নগুলো।
ভারতজুড়ে মোট ১১ টি ট্রেড ইউনিয়ন ধর্মঘটে অংশ নিচ্ছে। যাদের মধ্যে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসিও রয়েছে।
উড়িষ্যা এবং বিহারে বিক্ষোভকারীরা ট্রেন, বাস ও অটোরিকসা চলাচলে বাধা দেয়ায় রেল ও বাসস্টেশনগুলোতে আকটা পড়েছে হাজার হাজার যাত্রী।
দুদিনের এ ধর্মঘটে ১৫ হাজার থেকে ২০ হাজার কোটি রুপির ক্ষয়ক্ষতিসহ ব্যাংকিং, অবকাঠামো এবং পরিবহণের মতো খাতগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে অনুমান করছে ‘দ্য অ্যাসোসিয়েটেড চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’।
